চিকিৎসকদের ওপর হামলা: দ্রুত জড়িতদের বিচার দাবি বিএনপির
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের ওপর নিয়মিত বিরতিতে হামলার ঘটনা উদ্বেগজনক বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার (১১ সেপ্টেম্বর) দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
এতে বলা হয়, ‘আজ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের সিসিউতে ভর্তি মুমূর্ষু এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উক্ত হাসপাতালে ভাঙচুর করা হয় এবং কর্তব্যরত চিকিৎসক সজীব কাজীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। একপর্যায়ে চিকিৎসক জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন, যার ছবি ও ভিডিও আমাদের সকলের বিবেককেই নাড়া দিয়েছে। চিকিৎসকরা রোগীদের সবচেয়ে বড় আশ্রয়স্থল, কিন্তু সেই আশ্রয়কে বারবার রোগী ও তার স্বজনদের মুখোমুখি দাঁড় করিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রচেষ্টায় লিপ্ত আছে একটি কুচক্রী মহল।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অতি সম্প্রতি আমরা দেখেছি ধারাবাহিকভাবে ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একই ধরনের ঘটনা ঘটেছে, চিকিৎসক ও হাসপাতালের অন্যান্য কর্মচারী কর্মকর্তাদের নিরাপত্তা বিধানের দাবি করার পরও এমন ঘটনা আসলে ডাক্তারদের নিরাপত্তার শঙ্কা আরও তীব্র করে।’
‘চিকিৎসা একটি মৌলিক অধিকার উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, সেই অধিকার বাস্তবায়নের অন্যতম পূর্বশর্ত হলো হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা বিধান, যা অতীতে ফ্যাসিস্ট সরকারের আমল থেকেই একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল। কিন্তু সেই দাবি পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, যা চিকিৎসকদের মাঝে চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে’—বলা বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়, ‘এভাবে ধারাবাহিক আক্রমণের পিছনে স্বৈরাচার ফ্যাসিস্টদের দোসররা জড়িত কিনা, তা খতিয়ে দেখা এখন সময়ের দাবি। ভুলে গেলে চলবে না যে ফ্যাসিস্ট প্রেতাত্মা স্বাস্থ্যবিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ওঁতপেতে আছে। সুতরাং চলমান এসব হিংসাত্মক আক্রমণ বন্ধ করা আমাদের দায়িত্ব। চিকিৎসকদের নিরাপত্তা বিধান আজ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর একটা।’
অবিলম্বে চিকিৎসকদের উপর হামলার বিচারের দাবি জানিয়ে এর পিছনে কোনো ষড়যন্ত্র অথবা দুরভিসন্ধি খতিয়ে দেখার আহ্বান জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। বলেন, তা না হলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়লে তা কারও জন্যই মঙ্গলজনক হবে না।
তিনি চিকিৎসকদের ওপর সকল ধরনের হামলার তীব্র প্রতিবাদ এবং সকল হামলার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
এমইউ/
-
১১ জুন, ২০২৬
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
‘রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক’
-
০৭ জুন, ২০২৬
-
০৬ জুন, ২০২৬
-
০৭ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬