বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ডা. ফরহাদ হালিম
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন সদস্য হলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
আজ শনিবার (১৫ আগস্ট) তিনিসহ নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে কমিটিতে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— এ্যাড. রুহুল কবির রিজভী, আহমেদ আমান উল্লাহ আমান ও ইসমাইল জবিউল্লাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চারজনকে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বিএনপি আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতৃবৃন্দ তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারাা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।
কে এই অধ্যাপক ডা. ফরহাদ হালিম?
চিকিৎসক হিসেবে পরিচিতি পাওয়া ফরহাদ হালিম ডোনার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত। ক্যানসার চিকিৎসা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পাশাপাশি পেশাজীবী সংগঠন ও রাজনীতিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।
ক্যানসার চিকিৎসায় পরিচিতি
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার দেশের পরিচিত ক্যানসার বিশেষজ্ঞদের একজন। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ক্যানসারের আধুনিক চিকিৎসার প্রসারে তার ভূমিকার কথাও বিভিন্ন সময়ে উঠে এসেছে।
চিকিৎসার পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও তার সম্পৃক্ততা রয়েছে। বিভিন্ন চিকিৎসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বের দায়িত্বেও ছিলেন তিনি।
ড্যাবের সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততা
চিকিৎসা পেশার পাশাপাশি ডা. ডোনার দীর্ঘদিন ধরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সঙ্গে যুক্ত। তিনি সংগঠনটির সাবেক আহ্বায়ক ও বর্তমান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিএনপির রাজনীতিতেও সক্রিয় ডা. ডোনার। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঢাবির সিন্ডিকেট সদস্য
চিকিৎসা ও রাজনীতির বাইরে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও দায়িত্ব পেয়েছেন ডা. ডোনার। চলতি বছরের জুলাইয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের দায়িত্বে
ফরহাদ হালিম ডোনার জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিএনপির বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও তার নাম ছিল।
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্ব
দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত পথচলার পর এবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেলেন ফরহাদ হালিম ডোনার। দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতার অংশ হিসেবে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
এমআই/