২৬ অগাস্ট, ২০২৬ ০৪:১২ পিএম

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ হতে দেবে না সরকার: সমাজকল্যাণমন্ত্রী

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ হতে দেবে না সরকার: সমাজকল্যাণমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অর্থের অভাবে দেশের কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, অসুস্থ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে।

আজ বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

তিনি বলেন, গ্রামের দরিদ্র পরিবারের যেসব শিশু অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না কিংবা বিদ্যালয়ে যাচ্ছে না, তাদের চিহ্নিত করে পাশে দাঁড়াতে হবে। এসব শিশুর পড়াশোনা চালিয়ে নিতে সরকার আর্থিক সহায়তা দেবে এবং তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে।

মন্ত্রী আরও বলেন, জনগণের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি মাঠপর্যায়ের মানুষের কথা শুনতে এসেছেন। বিএনপির নেতাকর্মীদের দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সহনশীল আচরণের মাধ্যমে মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।

কর্মী সম্মেলনে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহসভাপতি মো. মোকারম হোসেন, সহসভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার এবং হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।

এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক