সব সিটি-পৌর মেয়র, জেলা পরিষদ-উপজেলা চেয়ারম্যান অপসারণ
মেডিভয়েস রিপোর্ট: সব সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং ৬০ জেলা পরিষদসহ ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। এর পরিবর্তে প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এসব আদেশ দিয়েছে।
অপসারণের পাশাপাশি মন্ত্রণালয়ের আদেশে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার চার কর্মকর্তাকে প্রশাসক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং গাজীপুর সিটি করপোরেশনে বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে স্থানীয় সরকার বিভাগের পৃথক আদেশে দেশের ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয় । তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি দুইটি উপজেলার ব্যাপারে কোনো আদেশ দেওয়া হয়নি।
উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান ও সব পৌরসভার (৩২৩টি) মেয়রকেও অপসারণ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়।
ওই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।
ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশই আত্মগোপনে চলে গেছেন। জেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন ও পৌরসভার প্রায় সব শীর্ষ পদই আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে ছিল।
এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পরে বিকল্প ব্যবস্থা করে সরকার। যেমন উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এখন অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন করে মেয়র-চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগের সুযোগ তৈরি করছে সরকার।
এনএআর/
-
০৯ মার্চ, ২০২৬
-
২২ অগাস্ট, ২০২৫
-
০৫ অগাস্ট, ২০২৫
-
০৬ মার্চ, ২০২৫
-
০৪ মার্চ, ২০২৫
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৬ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫