০৬ মার্চ, ২০২৫ ১২:২৫ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খাবারের বরাদ্দ বাড়লো

হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খাবারের বরাদ্দ বাড়লো
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গণঅভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খাবারের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে পথ্য বাবদ অর্থ বরাদ্দ বাড়িয়েছে সরকার। দৈনিক ১৭৫ টাকার পরিবর্তে এখন থেকে ২৫০ টাকা ব্যয় হবে জুলাইয়ের আহতদের খাবারে। আগামী ৩০ জুন পর্যন্ত এ বরাদ্দ বহাল থাকবে।

বুধবার (৫ মার্চ) এ বরাদ্দ কার্যকরে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মো. শাহাদত হোসেন কবিরের সই করে সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও ভর্তিকৃত রোগীদের খাবারের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে তাঁদের পথ্য বাবদ জনপ্রতি বর্তমান বরাদ্দ ১৭৫ টাকার পরিবর্তে ২৫০ টাকায় উন্নীতকরণের বিষয়ে অর্থ বিভাগ থেকে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

তবে এক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে অর্থ মন্ত্রণালয়। এগুলো হলো—এ বিষয়ে আবশ্যিক সব বিধি-বিধান ও আর্থিক নিয়মাবলি যথাযথভাবে পালন করতে হবে, প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জিও জারির তারিখ থেকে আদেশ কার্যকর হবে, রোগী প্রতি দৈনিক ২৫০ টাকা বরাদ্দ অন্য কোনো ক্ষেত্রে নজির হিসেবে ব্যবহার করা যাবে না এবং বরাদ্দ ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

চিঠিতে আরও বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে উল্লিখিত শর্তাবলি যথাযথ অনুসরণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ শাখার উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানকে এ সংক্রান্ত একটি চিঠি দেন। ওই চিঠিতে জুলাই যোদ্ধাদের পথ্য বাবদ বরাদ্দ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ২০২২ সালে সরকার এক পরিপত্র জারি করে রোগীদের খাবারের বরাদ্দ ১২৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৫ টাকা করে। এই টাকায় রোগীদের তিন বেলা খাবার দেওয়া হয়। অর্থ বিভাগের চিঠিতে এই বরাদ্দ শুধু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর জন্য স্বাস্থ্য বিভাগের প্রস্তাব ও বাজার দর বিবেচনায় বাড়ানোর কথা বলা হয়েছে।

►আদেশ দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জুলাই গণঅভ্যুত্থান
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক