ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এনডিএফের
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আহতদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ বুধবার (৫ আগস্ট) সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।
এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় আহত শিবিরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হামলাকারীরা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের ওপর পুনরায় হামলা চালায়। এ সময় সাধারণ রোগী ও তাদের স্বজনরাও হামলা ও আতঙ্কের মধ্যে পড়েন।
এনডিএফের নেতারা বলেন, কোনো রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধের জের হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জরুরি বিভাগে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা যখন সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকেন, তখন সেখানে সংঘর্ষ ও হামলা চিকিৎসাসেবা ব্যাহত করার পাশাপাশি রোগী ও স্বাস্থ্যকর্মীদের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলে।
বিজ্ঞপ্তিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানায়। পাশাপাশি হামলা ও সহিংসতার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে সে যে পক্ষেরই হোক, আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।
এমআর/