জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএমইউতে রোগীদের উন্নতমানের খাবার, দোয়া মাহফিল
মেডিভয়েস রিপোর্ট: নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) । দিবসটি উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন এবং কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ বুধবার (৫ আগষ্ট) বিএমইউ কর্তৃপক্ষের নির্দেশনায় পরিচালক (হাসপাতাল) কার্যালয়ের উদ্যোগে দুপুরে হাসপাতালে ভর্তি রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে রোগীদের মাঝে বিশেষ খাবার বিতরণ করা হয়।
পরে বাদ জোহর বিএমইউ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ।
দোয়া মাহফিলে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকার জন্যও দোয়া করা হয়।
সরকারি ছুটির দিন হওয়ায় বিএমইউর ক্লাস, প্রশাসনিক কার্যক্রম, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস এবং সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ ছিল। তবে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগের চিকিৎসাসেবা স্বাভাবিক ছিল।
এমআর/