১১ মে, ২০২৪ ০১:১৯ পিএম

বিএসএমএমইউতে বিএসসি ইন নার্সিংয়ে ভর্তি: আবেদনের সময় বাড়ল

বিএসএমএমইউতে বিএসসি ইন নার্সিংয়ে ভর্তি: আবেদনের সময় বাড়ল
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নার্সিং অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন নার্সিং কোর্সে ভর্তির আবেদনের সময়সীমা বেড়েছে।

শনিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিএসএমএমইউর ভর্তি পরীক্ষা পরিচালনা ও তত্ত্বাবধান কমিটির সভাপতি ও প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ বছর মেয়াদি এই কোর্সে আবেদনের নতুন সময়সীমা ধার্য করা হয়েছে আগামী ১৫ মে পর্যন্ত।

এতে আরও বলা হয়েছে, বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ১৪ মের মধ্যে ব্যাংকে টাকা জমা দিতে হবে। এ ছাড়া আগামী ১৬ মে সকাল ৯টা থেকে ১৮ মে সকাল ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র প্রিন্ট করা যাবে।

আবেদনের যোগ্যতা

এর আগে গত ৪ এপ্রিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসএমএমইউ। ওই বিজ্ঞপ্তিতে ১১ মে পর্যন্ত আবেদনের সময় নির্ধারণ করা হয়েছিল।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি/সমমান (বিজ্ঞান) ২০২০ ও ২০২১ এবং এইচএসসি/সমমান পরীক্ষার বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল আবেদন করতে পারবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ৭ হতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩ এর কম হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩ থাকতে হবে। ভর্তিচ্ছু প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং কোর্স চলাকালীন বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে না। তাছাড়া ১১ মে পর্যন্ত আবেদনকারীকে অনূর্ধ্ব ২২ বছর হতে হবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আগামী ১৮ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ মে। প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা ৩০ মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.ac.bd) প্রকাশ করা হবে।

এনএআর/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসসি ইন নার্সিং
  এই বিভাগের সর্বাধিক পঠিত