বিএমইউর বিএসসি ইন নার্সিংয়ের ফল প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নার্সিং অনুষদের অধীনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিংয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে নির্বাচিতদের একটি তালিকা বিএমইউর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
আজ শনিবার (২৪ মে) বিএমইউর ভর্তি ও পরীক্ষা সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম স্বাক্ষরিত এক নোটিশে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ বিএমইউর রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে ১৬৫ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। যাদের মধ্যে রয়েছে ১৪৭ জন ছাত্রী এবং ১৮ জন ছাত্র। এছাড়া উপজাতি কোটায় নির্বাচিত হয়েছেন আট নারী শিক্ষার্থী।
নোটিশে আরও বলা হয়, নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপে ভাইভাতে (মৌখিক পরীক্ষা) অংশগ্রহণ করতে হবে। তবে এখনো ভাইভা পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় ঘোষণা করা হয়নি।
ভাইভা পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের ভাইবায় যেসব কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। এগুলো হলো—
১.প্রবেশপত্র
২.এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ ও নম্বরপত্র
৩.এইচএসসি পরীক্ষার টেস্টিমোনিয়াল
৪.আদিবাসী কোটার ক্ষেত্রে জেলা প্রশাসকের সনদ
৫.নাগরিক সনদ বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন (www.bcps.edu.bd)।
এমআই/