১৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০৬:০৮ পিএম

গবেষণায় কাট এন্ড পেস্ট ভুলে যেতে হবে: বিএসএমএমইউ ভিসি

গবেষণায় কাট এন্ড পেস্ট ভুলে যেতে হবে: বিএসএমএমইউ ভিসি
গবেষণাগুলো যাতে জন সম্পৃক্ত হয় সেদিকে জোর দেওয়ার আহ্বান জানান বিএসএমএমইউ ভিসি।

মেডিভয়েস রিপোর্ট: গবেষণায় কাট এন্ড পেস্ট ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আজিজ সুপার মার্কেটের থিসিস দিয়ে গবেষণার পথ চিরতরে বন্ধ করতে হবে।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিউনেটোলজি বিভাগে প্রথমবারের মতো বিভাগভিত্তিক গবেষণা দিবস পালন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘গবেষণায় আমাদের সামনের দিকে এগুতে হবে। জন সম্পৃক্ত গবেষণায় প্রয়োগিক দিকটাও বের করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গবেষণা বান্ধব, গবেষণার জন্য একটি বিশেষ পরিবেশ তৈরী করেছে। আমি চাই, গবেষণাগুলো যাতে জন সম্পৃক্ত হয় সেদিকে জোর দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘গবেষণার জন্য পাবলিকেশনও যেমন করতে হবে, তেমন ইমপ্লিকেশনও করতে হবে। গবেষণা করে জনগণের কী লাভ হবে সে বিষয় চিন্তা করে গবেষণা করতে হবে। কৃষিবিদরা এটি মাথায় রেখে পাঁচগুণ ফসল উৎপাদন বাড়িয়েছে। আমরা এমনভাবে গবেষণা করে পাঁচগুণ রোগ কমানোর লক্ষ্য সকল চিকিৎসক ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এবিষয় নিয়ে চিকিৎসকরা কাজ করলে কৃষিবিদের চেয়ে আমরা বেশ বড় গবেষক হবো। এটি মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন। আমরা ইতিমধ্যেই ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট ও কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে গবেষণা শুরু করেছি এবং তা চলমান রয়েছে।’

সেখানে উপস্থিত চিকিৎসকরা দেশেই রোগ প্রতিরোধমূলক এবং গুনগত মানসম্মত টীকা উদ্ভাবন করার ব্যাপারে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশে গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য পারস্পরিক সহযোগিতার ব্যাপারে অনুষ্ঠানে গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহীদুল্লা, আইসিডিডিআর’বির একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী।

এছাড়াও অধ্যাপক ডা. রুহুল আমিন, অধ্যাপক ডা. লুৎফুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা, বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত