২৭ ডিসেম্বর, ২০২৩ ০৭:৫৫ পিএম

সুপার স্পেশালাইজড হাসপাতালে এক বছরে ৪১৫০০ রোগীকে সেবা

সুপার স্পেশালাইজড হাসপাতালে এক বছরে ৪১৫০০ রোগীকে সেবা
বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠা‌ন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল থে‌কে গেল এক বছ‌রে ৪১ হাজার ৫০০ রোগী সেবা নিয়েছেন। সেই স‌ঙ্গে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ক‌রি‌য়ে‌ছেন লক্ষাধিক রোগী।

বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষে আজ বুধবার (২৭ ডি‌সেম্বর) বিকেলে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠা‌নে এসব তথ্য জানা‌নো হয়।

এতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন।

তিনি জানান, ৫টি সেন্টারের অধীনে ২০টি বিভাগে ২০২২ সা‌লের ২৭ ডি‌সেম্বর থেকে চল‌তি বছ‌রের ২৬ ডি‌সেম্বর পর্যন্ত সর্বমোট ৪১ হাজার ৫৯৬ জন রোগী সেবা নিয়েছেন। ল্যাবরেটরি সার্ভিসেসের আওতায় একই সম‌য়ে ৫টি বিভাগ (বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি, ভাইরোলজি, হেমাটোলজি, ল্যাবরেটরি মেডিসিন) মোট পরীক্ষা করা হয়েছে ৯১ হাজার ৯৫২টি।

রেডিওলজি অ্যান্ড ইমের্জিং সেন্টারের আওতায় গত বছ‌রের ২৩ জানুয়া‌রি থেকে এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হ‌য়ে‌ছে ছয় হাজার ৮৭০টি। এর ম‌ধ্যে এক হাজার ৮৭৭টি এমআরআই, এক হাজার ১০৭টি সিটি স্ক্যান, ২৯টি বিএমডি, এক হাজার ৮০৯টি আল্ট্রাসোনোগ্রাফি, দুই হাজার ৪৭টি এক্স-রে, একটি ম্যামোগ্রাফি করা হয়েছে।

কার্ডিওভাস্কুলার এন্ড স্ট্রোক সেন্টারের আওতায় একই সম‌য়ে প্রসিডিউর সংখ্যা তিন হাজার ৯৭২টি। হেপাটোবিলিয়ারি, হেপাটোলজি এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের আওতায় প্রসিডিউর সংখ্যা এক হাজার ২৫টি। কিডনি ডিজিজ এন্ড কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের আওতায় ডায়ালাইসিস ২৭৯টি ও ১৬টি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে।

এ ছাড়া ২০২২ সালের ৫ জুলাই থে‌কে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের আন্তঃবিভাগে ৯৭টি অপারেশন সম্পন্ন হয় এবং সর্বমোট ৬৩৮ জন রোগী আন্তঃবিভাগে ভর্তি হয়ে সেবা নি‌চ্ছেন ব‌লেও জানা‌নো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আগামী এক মাসের মধ্যে সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ, আন্তঃবিভাগে রোগীর সংখ্যা বাড়াতে চাই এবং পহেলা জানুয়ারিতে সুপার স্পেশালাইজড হাসপাতালে এক্সিকিউটিভ চেকআপ রুম চালু করতে চাই।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন, কোনো রোগী যেন চিকিৎসা নিতে দেশের বাইরে না যায়। সেই স্বপ্ন পূরণে দেশের মধ্যেই সব রোগের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের দেশেই স্বল্প খরচে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হবে। শেখ হাসিনার কাছ থেকে আমরা সুপার স্পেশালাইজড হাসপাতালটি পেয়েছি। ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এই হাসপাতালটি উদ্বোধন করেন। এই বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক কাজ করেছি। লক্ষাধিক ইনভেস্টিগেশন করেছি। ৫০ হাজারের মতো রোগী আমাদের এখানে এসেছে। এক হাজারের মতো রোগী এখানে ভর্তি হয়েছে। আমরা এখানে অনেক অপারেশন করেছি, যা মানসম্পন্ন। এ ছাড়া এখানে কিডনি ট্রান্সপ্লান্ট, জোড়া শিশু আলাদা, জয়েন্ট অ্যান্ড হিপ রিপ্লেসমেন্ট করাসহ আমরা এখানে অনেক কাজ করেছি।’

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা অনেক সেবা দিয়েছি, যে সেবাগুলোর জন্য আমাদের দেশের রোগীরা বাইরের দেশে চিকিৎসা নিতে যায়। বন্ধ্যত্বের জন্য রোগীরা বাইরে যায়। আমরা এই সেবাটার জন্যও কাজ করতে চাইছি। আমরা এখানে থেরাপির মাধ্যমে টেস্টটিউব বেবি করেছি। আমরা জোড়া শিশু সেপারেট করছি। কিডনি ট্রান্সপ্লান্টও এখানেই করবো, যার খরচ আমাদের দেশে ৩ লাখ বাইরের দেশে ৪০ লাখ। লিভার ট্রান্সপ্লান্টও আমরা এখানে করবো, যার খরচ পড়বে ২০ লাখ টাকা আর বাইরের দেশে এক কোটি টাকা।’

বিএসএমএমইউ ভিসি আরও বলেন, ‘আমাদের এখানকার কার্যক্রম আরও গতি পাবে যদি আমরা আমাদের সকল জনবল প্রয়োজন তা নিশ্চিত করতে পারি এবং আমাদের যে আর্থিক সহযোগিতা প্রয়োজন, সেটা সম্পন্ন হলে। আর কোরিয়া থেকে যেসব যন্ত্রপাতি আসার কথা সেগুলো আশা করি খুব শিগগিরই পেয়ে যাবো। তারপর আমরা শতভাগ চিকিৎসা সেবা চালু করতে পারবো।’

সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, সুপার স্পেশালাইজড হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান কনসালট্যান্ট অধ্যাপক ডা. একেএম ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিক্যাল অফিসার ডা. শাহ নিজাম উদ্দিন শাওন।

এর আগে সুপার স্পেশালাইজড হাসাপাতালের বর্ষপূতি উপলক্ষে পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রাটি সুপার স্পেশালাইজড হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে ক্যান্সার ভবন প্রদক্ষিণ করে সি ব্লকে প্রদক্ষিণ করে কেবিন ব্লক হয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালের দক্ষিণ ফটকে গিয়ে শেষ হয়।

একই সঙ্গে সুপার স্পেশালাইজড হাসপাতালে চারটি আইটি সম্পর্কিত সেবার উদ্বোধন করেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সুপার স্পেশালাইজড হাসপাতালের ওয়েবসাইট, অনলাইন প্যাশেনন্ট এপোয়েন্টমেন্ট সিস্টেম, ইস্যু ট্রাকার সিস্টেম ও স্মার্ট কার পার্কিং সিস্টেম কার্যক্রমেরও শুভ উদ্বোধন করা হয়।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত