চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে বিএসএমএমইউর নতুন গবেষণা
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসাখাতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ‘টেক স্টক অব দ্য টেকনোলজিক্যাল ইনোভেশনস ইউজড ফর বেটার ট্রিটমেন্ট অব ডিজিজ’ শীর্ষক একটি গবেষণার উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসিইএসসিও) অর্থায়নে এ গবেষণার কার্যক্রম শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বিএসএমএমইউ ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গবেষণার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘আমরা খুব দ্রুত চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিনগুলোতে সর্বাধুনিক প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ করা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, রোবটিক সার্জারি করার জন্য এখন থেকে জনবলকে প্রশিক্ষিত করতে হবে। জনবলকে প্রশিক্ষিত করার জন্য প্রয়োজন গবেষণা। আজকের এই গবেষণার মাধ্যমেই সেই প্রশিক্ষণের রূপরেখা তৈরি হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের চেযারম্যান এবং প্রিভেন্টিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা.মো. আতিকুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান।
এতে জানানো হয়, এই প্রকল্পটির মাধ্যমে প্রথমবারের মতো আইসিইএসসিও এবং বাংলাদেশের স্বাস্থ্যখাত একত্রে কাজ করছে। এই সহযোগিতার লক্ষ্য হলো, বাংলাদেশের স্বাস্থ্যখাতে এবং রোগের চিকিৎসা সেবা উন্নতি করার জন্য একটি নতুন পথ উন্মোচন করা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী চিকিৎসকরা রোগের উন্নত চিকিৎসা বাড়নোর ক্ষেত্রে সরকারের ভূমিকা, প্রযুক্তিগত উদ্ভাবন, রোগের চিকিৎসা ও উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক ভূমিকার উপর একটি উন্মুক্ত আলোচনা করেন। আলোচনার মাধ্যমে এই বিষয়ের বিভিন্ন চ্যালেঞ্জ, সুযোগ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। এতে বিভিন্ন সংস্থা, টারশিইয়ারি কেয়ার হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকরা অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য-২-এর কারিগরি সহায়তা বিশেষজ্ঞ এবং সহ-প্রধান গবেষক ডা জোবায়ের ইবনে জাইদ, গবেষণাটির রূপরেখা এবং স্বাস্থ্য খাতে প্রযুক্তিগত উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ডা. মো. আখতারুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (অটিজম ব্যবস্থাপনা অধিশাখা) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী, মো. আনোয়ার হোসেন আকন্দ, ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, আইসিইএসসিওর বিজ্ঞান ও প্রযুক্তি সেক্টরের প্রধান ড. রাহিল কামারও জুমের মাধ্যমে অংশগ্রহণ করেন।
এসএস
-
১৮ জুন, ২০২৬
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
-
০৩ মার্চ, ২০২৬
-
০৭ অগাস্ট, ২০২৫