অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান আর নেই
মেডিভয়েস রিপোর্ট: প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, জনপ্রিয় শিক্ষক অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রফিকুল ইসলাম আজ বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার ভোরে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তাঁর। পরে রাজধানীর ল্যাবএইড (ধানমন্ডি) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ডা. রিদওয়ানুর রহমান ছিলেন বাংলাদেশে মেডিসিন বিভাগের একজন কিংবদন্তি শিক্ষক ও দেশবরেণ্য চিকিৎসক। মেডিকেল শিক্ষা, চিকিৎসা ও গবেষণায় সমান আলো ছড়িয়েছেন তিনি।
সদা হাস্যোজ্জ্বল এ চিকিৎসকের সযত্ন চিকিৎসায় যেমন রোগীর মুখে হাসি ফুটেছে, তেমনি তাঁর আন্তরিক পাঠদান হয়েছে শিক্ষার্থীদের তৃপ্তির খোরাক। আর এভাবেই শিক্ষার্থী, বন্ধু-সহকর্মী ও রোগীসহ সকলের মনে জায়গা করে নিয়েন এই ক্ষণজন্মা চিকিৎসক।
ম্যালেরিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ নিয়ে তাঁর গবেষণা চিকিৎসা বিজ্ঞানের সকল মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁর ১৬৭টি পাবলিকেশন এবং ৫ হাজার ২৮৪টি সাইটেশন রয়েছে৷
রিদওয়ানুর রহমানের জন্ম ১৯৫৮ সালে চট্টগ্রামের সাতকানিয়ায়। উপজেলার এ কে বি সি ঘোষ ইনস্টিটিউট থেকে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। এর পর ১৯৮২ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।
পরবর্তীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে এফসপিএস সম্পন্ন করেন ইন্টারনাল মেডিসিনে। এ ছাড়াও কমিউনিটি মেডিসিনেও করেছেন উচ্চতর পড়াশোনা।
এর পর রোগ নিয়ে গবেষণা শুরু করেন স্বনামধন্য এ মেডিসিন বিশেষজ্ঞ। এরই ধারাবাহিকতায় জীবনের শেষ পর্যন্ত ইউনিভার্সাল মেডিকেল কলেজের গবেষণা কেন্দ্রের প্রধান হিসেবে কর্মরত ছিলেন তিনি।
১৯৮৩ সালে পঞ্চম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন ডা. রিদওয়ানুর রহমান এবং বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান ঘুরে ২০১৭ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে সরকারি চাকরি থেকে অবসরে যান।
অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সততার সাথে তিনি তাঁর কর্মজীবন শেষ করেন৷
চিকিৎসা ও গবেষণার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাপনায় যে কোনো অসঙ্গতি নিয়ে প্রতিবাদে সরব ছিলেন অধ্যাপক রিদওয়ানুর রহমান। গণমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনিয়মের বিরুদ্ধে করেছেন অসংকোচ উচ্চারণ।
দেশের স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করার স্বপ্নে বিভোর এ মানবিক চিকিৎসক লক্ষ্য পূরণের আগেই পাড়ি জমালেন না ফেরার গন্তব্যে।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিয়োগবেদনায় স্তব্ধ গণমাধ্যমকর্মী, বন্ধু-সহকর্মী ও শিক্ষার্থীরা।
এএইচ/এএনএম
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬