২৩ অগাস্ট, ২০২৩ ০৮:৫৫ পিএম

বিএসএমএমইউতে বিএমডিসির শিক্ষক প্রতিনিধি ডা. ছয়েফ উদ্দিন ও ডা. রাসেল

বিএসএমএমইউতে বিএমডিসির শিক্ষক প্রতিনিধি ডা. ছয়েফ উদ্দিন ও ডা. রাসেল
অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ও সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইসচ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ও সার্জারি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল।

আজ বুধবার (২৩ আগস্ট) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন এবং ভোটের কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ‘বিএসএমএমইউ সবার মতামতের ভিত্তিতে পরিচালিত হয়। আমি প্রশাসনের দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে নার্সিং এ্যাসোসিয়েশনের নির্বাচন, তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নির্বাচন সম্পন্ন করেছি। আগামীতে ডিন নির্বাচন, শিক্ষক সমিতি নির্বাচন ও কর্মকর্তা এ্যাসোসিয়েশনের নির্বাচন আয়োজন করবো। বর্তমান প্রশাসনের আমলে বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় নিয়োগ প্রক্রিয়াও বিশ্ববিদ্যালয়ের আইন, প্রবিধি মেনে মেধাকে গুরুত্ব দিয়ে অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হয়েছে। আজকের বিএমডিসির শিক্ষক প্রতিনিধি নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের সব ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিরা আগামী দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের হয়ে বিএমডিসিকে নীতির্নিধারক পর্যায়ে পরামর্শ দেবেন ও প্রয়োজনীয় উদ্যোগ নিতে সহযোগিতা করবেন। নির্বাচিত প্রতিনিধিরা সবার মতামত নিয়ে বিএমডিসিকে এগিয়ে নেবে।’

দিনব্যাপী এ সুষ্ঠু ভোট উপহার দেবার জন্য বিএমডিসি শিক্ষক প্রতিনিধি নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৮৩ জন এবং ভোট প্রদান করেন ৩৬৩ জন। একজন ভোটার শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য ২টি ভোট প্রদান করেছেন। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান। সদস্য সচিব ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক। সদস্য ছিলেন এ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহজাদা সেলিম। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জুয়েল। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত