ডেঙ্গুরোগীর ৭৫ শতাংশের বেশি সেরোটাইপ-২তে আক্রান্ত
মেডিভয়েস ডেস্ক: চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৭৫ শতাংশের বেশি রোগী সেরোটাইপ-২তে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রেফারেল সেন্টার।
এছাড়া সেরোটাইপ-৩-এ আক্রান্তের হার ১৮ দশমিক ৫ শতাংশ। ৬ শতাংশ রোগী সেরোটাইপ-২ এবং সেরোটাইপ-৩- উভয়ে আক্রান্ত।
বুধবার (২৩ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরস্থ সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদ আলী জিন্নাহ এ তথ্য জানান।
তিনি বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের ভাইরোলজি বিভাগে প্রতিদিন প্রায় ডেঙ্গু জ্বরের ১০০ থেকে ১৫০ নমুনা পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি ডেঙ্গুর ৪ (চার) টি সেরোটাইপ রয়েছে। বর্তমানে রোগীরা কোন সেরোটাইপে আক্রান্ত হচ্ছে, এটা জানার জন্য এই প্রতিষ্ঠানের ভাইরোলজি বিভাগে ডেঙ্গু সেরোটাইপ করা হয়েছে। ২০০টি নমুনার মধ্যে ১৫১ নমুনায় সেরোটাইপ ২, ৩৭ টি নমুনায় সেরোটাইপ ৩ এবং ১২টি নমুনায় সেরোটাইপ ২ ও ৩ দুটি সেরোটাইপের একত্রে উপস্থিতি পাওয়া গেছে। খুব শিগগিরই এই প্রতিষ্ঠানে ডেঙ্গু সিকুয়েন্সিং এর কাজ শুরু করবে বলেও জানানো হয়েছে।