সিওমেকে ভাঙচুরের ঘটনায় আটক ৪
মেডিভয়েস রিপোর্ট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসাপাতালে চিকিৎসাধীন মুমূর্ষূ এক রোগীর মৃত্যুতে হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি মেডিভয়েস নিশ্চিত করেছেন সিওমেকে কর্মরত একাধিক ইন্টার্ন চিকিৎসক।
এদিকে ঘটনায় চারজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। জানতে চাইলে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মেডিভয়েসকে বলেন, ‘চার আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।’
এর আগে ২১ আগস্ট বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষূ এক রোগীর মৃত্যুর ঘটনায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসাপাতালে মেডিসিন বিভাগে ভাঙচুর চালায় স্বজনেরা।
এ সময় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ইন্টার্ন চিকিৎসকদের শারীরিকভাবে লাঞ্ছিত করতে তেড়ে যায় তারা। এসময় হাসপাতালে ডা. শাহিদা নুর নিলা ও ডা. ফারজানা আলম শান্তা কর্তব্যরত ছিলেন।
তারা পাশের মহিলা ওয়ার্ডে চলে গেলে হামলা থেকে রক্ষা পান। এরপর ক্রোধান্বিত স্বজনরা ইউনিট-২ এর ভেতরে চিকিৎসকের কক্ষ ও নার্স স্টেশনে ভাঙচুর চালায়। এতে নিরাপত্তায় নিয়োজিত একজন আনসার সদস্য আহত হন, তিনি হাসাপাতাল চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার পর রাতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)। ইচিপের সভাপতি ডা. মো. রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক ডা. সীমান্ত মজুমদার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনারা সকলেই অবগত আছেন যে, আজ ২১ আগস্ট ২০২৩ তারিখে ৩৫ নং ওয়ার্ডে এক অনাকাঙিক্ষত ঘটনা ঘটেছে। রোগীর স্বজন নামধারী কতিপয় সন্ত্রাসী ৩৫ নং ওয়ার্ডে তাণ্ডবলীলা চালায়। তারা ইন্টার্ন ডাক্তারদের ক্রমাগত ভীতি প্রদর্শন, হুমকি প্রদান এবং শারীরিক হেনস্থা করার চেষ্টা চালায়। এ ছাড়া তারা ডিউটি ডাক্তারের রুম, নার্সেস স্টেশনে ব্যাপক ভাঙচুর করে। এই ঘটনা প্রমাণ করে হাসপাতালে চিকিৎসকদের কোনো সুস্থ কর্মপরিবেশ নেই এবং পর্যাপ্ত নিরাপত্তা নেই। অতীতেও আমাদের সহকর্মীদের সাথে এ রকম ঘটনা ঘটেছে, যার কোনো স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।’
‘এমতাবস্থায় হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের পর্যাপ্ত নিরাপত্তা, দোষীদের বিচারের দাবিতে ইন্টার্ন চিকিৎসক পরিষদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হলো’, যোগ করা হয় বিবৃতিতে।
ভাঙচুরের ঘটনায় চারজনকে আটকের পর কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
-
০৬ মার্চ, ২০২৬
-
১৫ ডিসেম্বর, ২০২৫
-
২৫ অগাস্ট, ২০২৫
-
২২ অগাস্ট, ২০২৩
-
২১ অগাস্ট, ২০২৩
-
০৬ নভেম্বর, ২০২১