সিওমেকের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এনায়েত উল্লাহর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এনায়েত উল্লাহ মারা গেছেন। আজ সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সিলেটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তুখোড় এই মেধাবী চিকিৎসকের মেডিসিনের উপর একটি টেক্সট বুক রয়েছে, যা ৯০ এর দশকের কিছু আগে প্রকাশিত হয়েছিল।
তার মৃত্যুর খবর দেওয়ার পাশাপাশি গভীর শোক জানিয়েছেন স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর (হাসপাতাল) ডা. সৈয়দ আবু আহাম্মেদ শাফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোকবার্তায় তিনি বলেন, ‘সিলেটের প্রখ্যাত প্রবীন চিকিৎসক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা. এম. এনায়েত উল্লাহ স্যার গতকাল ২৫ আগস্ট সিলেটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মহান রবের কাছে স্যারের রূহের মাগফিরাত ও শেষবিচারে জান্নাতুল ফেরদৌসে ঠাঁই কামনা করি। স্যারের শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করি।’
‘এনায়েতুল্লাহ স্যার ব্যাক্তি জীবনে ছিলেন সজ্জন ও সদালাপী। চিকিৎসক হিসেবে তিনি ছিলেন তুখোড় মেধাবী। মেডিসিনের উপর তার একটি টেক্সট বুক প্রকাশিত হয়েছিল '৯০ এর কিছু আগে। আমরা যারা তার ছাত্র এবং পরবর্তীতে তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি, আমাদেরকে তিনি অত্যন্ত স্নেহ করতেন। ১৯৯৯ সালে সিলেট জেলা বিএমএ নির্বাচনে এনায়েত স্যার ছিলেন আমাদের ডাঃ এনায়েতুল্লাহ-ডা শাহরিয়ার প্যানেলের সভাপতি প্রার্থী । দপ্তর সম্পাদক প্রার্থী হিসেবে আমি প্যানেলের সাথে কাজ করতে গিয়ে খুব কাছে থেকে স্যারকে দেখেছি, তিনি একজন দক্ষ সংগঠক এবং একজন প্রকৃত অভিভাবক ছিলেন’—যোগ করেন তিনি।
এনডিএফের শোক
অধ্যাপক ডা. এনায়েত উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সোমবার (২৫ আগস্ট) রাতে এক শোকবার্তায় সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেন এ শোক জানান।
তারা বলেন, উপমহাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এনায়েতুল্লাহ কর্মজীবনে তিনি অত্যন্ত পরিশ্রমী, নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ ছিলেন। অসংখ্য মানুষ তার চিকিৎসা সেবা পেয়ে সুস্থতা লাভ করেছেন। হাতে-কলমে শিক্ষা প্রদান করেছেন অসংখ্য মেডিকেল স্টুডেন্টকে। তার হাত ধরে স্বাস্থ্যসেবায় বাংলাদেশ এগিয়ে গিয়েছে অনেকখানি।
এনডিএফ অফিস সম্পাদক ডা. একেএম জিয়াউল হক স্বাক্ষরিত শোকবার্তায় আরও বলা হয়, মরহুমের আত্মার মাগফিরাত কামনা, জান্নাতুল ফিরদাউসের জন্যে দোয়া এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
সজ্জন ও সদালাপী ডা. এম এনায়েত উল্লাহর মৃত্যুতে মেডিভয়েস শোকাহত।
এমইউ/