২৫ অগাস্ট, ২০২৫ ০৮:১০ পিএম

চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু ৩৫, একদিনে ৩

চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু ৩৫, একদিনে ৩
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন রোগী এবং মারা গেছেন ৩ জন। এ নিয়ে আগস্ট মাসেই মৃত্যু হয়েছে ৩৫ জনের।

আজ সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন রয়েছেন।

আগস্ট মাসে এখন পর্যন্ত আট হাজার ৬৪ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

বর্তমানে সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৩০৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩৪ জন, আর ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৭৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে এক হাজার ১৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১০ জন। ফেব্রুয়ারিতে ৩৭৪ জন রোগী ভর্তি হন, মৃত্যু হয় তিন জনের।

মার্চে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩৩৬ জন, তবে এ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এপ্রিল মাসে ৭০১ জন ভর্তি হন এবং সাত জনের মৃত্যু হয়।

মে মাসে এক হাজার ৭৭৩ জন রোগী ভর্তি হন এবং মারা যান তিন জন। জুনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৯৫১ জনে, মৃত্যু হয় ১৯ জনের।

জুলাই মাসে সর্বোচ্চ ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ৪১ জন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১১৮ জনের, এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৪৪ জন রোগী।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু