২৪ জুলাই, ২০২৩ ০২:৪২ পিএম

ফায়ার সার্ভিসের গাড়িচালকের হার্ট অ্যাটাক, দুর্ঘটনায় নিহত ২

ফায়ার সার্ভিসের গাড়িচালকের হার্ট অ্যাটাক, দুর্ঘটনায় নিহত ২
নিহতরা হলেন, ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ স্টেশনের গাড়িচালক জাহাঙ্গীর আলম ও অজ্ঞাত রিকশাচালক।

মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নেভাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালক ও এক পথচারী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন।

আজ সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চাষাড়ায় শান্তা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান।

নিহতরা হলেন, ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ স্টেশনের গাড়িচালক জাহাঙ্গীর আলম ও অজ্ঞাত রিকশাচালক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফায়ার সার্ভিসের একটি গাড়ি হাজীগঞ্জ থেকে ফতুল্লার দিকে যাচ্ছিল। চাষাঢ়ার মোড় অতিক্রম করার সময় চালক চলন্ত গাড়িতে হার্ট অ্যাটাক করেন। এতে ফায়ার সার্ভিসের গাড়িটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা একটি বাস, প্রাইভেটকার, কভার্ডভ্যান ও দুটি অটো রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। আনন্দ পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে একজন রিকশাচালক নিহত হন। এছাড়া ফায়ার সার্ভিসের গাড়ি চালক মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত ৮ জন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, সকালে সড়ক দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়িচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া আহত ৭-৮ জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আখতারুজ্জামান বলেন, চালক জাহাঙ্গীর আলমকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালানো অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অন্যদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ফতুল্লায় আগুনের খবরে চাষাঢ়া ফায়ার স্টেশন থেকে অগ্নিকাণ্ডেস্থলে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি গাড়ির চালক চলন্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। গাড়িটি চাষাঢ়া মোড়ে দুর্ঘটনার শিকার হয়। পরে হাসপাতালে নেওয়ার পর জানা যায় চালক জাহাঙ্গীর আলম মারা গেছেন।

চিকিৎসকের বরাতে তিনি আরও বলেন, চালক জাহাঙ্গীর আলম হার্ট অ্যাটাকে মারা গেছেন। চালকের হার্ট অ্যাটাকের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া আরও একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এতে ফায়ার সার্ভিসের কর্মীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : দুর্ঘটনা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক