‘বিভীষিকাময় দিন আর নয়, চাই সহনশীল ও মানবিক বাংলাদেশ’
মেডিভয়েস রিপোর্ট: ‘বিভীষিকাময় দিন আর নয়, চাই সহনশীল ও মানবিক বাংলাদেশ’— রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ কথা বলেন।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। শুরুতেই সেখানে জুলাই গণঅভ্যুত্থানে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণআন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ, সবই আমাদের গর্বের ইতিহাস। কিন্তু এই জুলাই মাসেই আমরা হারিয়েছিলাম অসংখ্য ছাত্র ও জনতাকে। তাদের অপরিমেয় আত্মত্যাগ ভুলে যাওয়ার নয়।’
তিনি আরও বলেন, ‘মাইলস্টোন দুর্ঘটনার পর আমরা যথাসাধ্য চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছি। সন্তান হারানোর শোক একমাত্র তার পরিবারই সত্যিকারে অনুভব করতে পারে। আহত শিশুদের জন্য চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট, সকলেই নিরলসভাবে কাজ করছেন।’
নূরজাহান বেগম বলেন, আমি প্রার্থনা করি, যেন আর কোনো বিভীষিকা আমাদের জীবনে না আসে। আসুন, সবাই মিলে একটি সহনশীল, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাইয়ের বীর যোদ্ধাদের জীবন বাঁচাতে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত সেবা দিয়েছেন। তাদের এই ত্যাগ জাতি কখনো ভুলবে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস. মুরশিদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
এসএইচবি/
-
১৯ জানুয়ারী, ২০২৬
-
১৩ ডিসেম্বর, ২০২৫
-
১৩ এপ্রিল, ২০২৫
-
০৮ জানুয়ারী, ২০২৫