আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিচ্ছে সরকার
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আবেদনের প্রেক্ষিতে দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসায় এককালীন ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থ দেওয়া হবে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসা অনুদান পেতে চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে প্রতি দুই মাস পরপর। এখন মে-জুন প্রান্তের আবেদন চলছে। আহত, অসচ্ছল ও চিকিৎসাধীন মেধাবী ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থীরা এ অনুদান পাবেন।
তবে দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। চিকিৎসা গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এক বছরের মধ্যে হতে হবে।
চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণ সাপেক্ষে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে গুরুতর আহতর সমর্থনে প্রত্যয়ন করা শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণসংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে।
ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে ২০২৩-২৪ অর্থবছরের মে-জুন প্রান্তের আবেদন শেষ হবে ২৪ জুন রাত ১১টা ৫৯ মিনিটে।
এনএএন/