সড়কে এক বছরে নিহত সাড়ে ৮ হাজার
মেডিভয়েস রিপোর্ট: সড়কে ২০২৪ সালে সবচেয়ে প্রাণহানি হয়েছে মোটরসাইকেলে। ২ হাজার ৩২৯ মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৫৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ১৫১ জন। সড়কপথে ৬ হাজার ৩৫৯ দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৮ হাজার ৫৪৩ জন। আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন।
শনিবার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) যাত্রী কল্যাণ সমিতি ‘২০২৪ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ২০২৩ সালে ৬ হাজার ২৬১টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ৭ হাজার ৯০২ জন। এ হিসেবে বিগত বছরে সড়কে প্রাণহানি বেড়েছে ৮ শতাংশের বেশি।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত ১০ বছরে মোটরসাইকেলের সংখ্যা ১৫ লাখ থেকে ৬০ লাখে উন্নীত হয়েছে। নতুন করে ৬০ লাখ ব্যাটারিচালিত রিকশা রাস্তায় নামার পাশাপাশি ছোট যানবাহনের সংখ্যাও অবাধে বৃদ্ধি পেয়েছে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এসব যানবাহনের অবাধে চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি ভয়াবহভাবে বেড়েছে।
সড়ক দুর্ঘটনার বেশ কিছু কারণ জানিয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, সড়ক দুর্ঘটনার প্রথম কারণ বেপরোয়া গতি ও বিপদজনক ওভারটেকিং। এছাড়া সড়কের নির্মাণ ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা ও ট্রাফিক আইন সংক্রান্ত অজ্ঞতা, পরিবহন মালিকদের বেপরোয়া মনোভাব, গাড়ী চালানোর সময় মোবাইল বা হেড ফোন ব্যবহার, মাদক সেবন করে যানবাহন চালানো, অরক্ষিত রেলক্রসিং, রোড ডিভাইডার পর্যাপ্ত উঁচু না থাকা অন্যতম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালে রেলপথে ৪৯৭ দুর্ঘটনায় ৫১২ জন নিহত এবং ৩১৫ জন আহত হয়েছে। নৌ-পথে ১১৮টি দুর্ঘটনায় ১৮২ জনের মৃত্যু হয়েছে। আহত ২৬৭ জন। ১৫৫ জন নিখোঁজ রয়েছে।
-
০৪ জানুয়ারী, ২০২৫