১৩ জুলাই, ২০২৩ ০৪:০১ পিএম

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের গণবিজ্ঞপ্তি

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের গণবিজ্ঞপ্তি
জরুরী প্রয়োজনে স্বাস্থ্যসেবা পেতে ১৬২৬৩ হটলাইন সেবা চালু রয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক দুটি জরুরি সভার পর গৃহীত সিদ্ধান্তের আলোকে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) গণমাধ্যমে এ পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে গত ১০ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে ও গত ৯ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভাগুলোতে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া পদক্ষেপগুলো হলো-

১। ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীর রোগ নির্ণয় সুবিধার্থে সকল সরকারী হাসপাতালে ডেঙ্গু টেস্ট ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২। সকল সরকারী হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া ও ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালসমূহে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে।

৩। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্যে মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, টিভিতে স্ক্রল, রেডিও বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বৃদ্ধি করা হয়েছে।

৪। ঢাকা শহরে ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীর সেবা নিশ্চিত করতে ৮০০ শয্যাবিশিষ্ট ডি এন সি সি হাসপাতাল, মহাখালী,ঢাকাকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে।

৫। সকল হাসপাতালে চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু জ্বরজনিত মৃত্যু হ্রাসে আপডেটেড ডেঙ্গু চিকিৎসা গাইডলাইন সরবরাহ করা হয়েছে।

৬। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

৭। জরুরী প্রয়োজনে স্বাস্থ্যসেবা পেতে ১৬২৬৩ হটলাইন সেবা চালু রয়েছে।

ডেঙ্গু রোগীর জন্য প্রয়োজনীয় তথ্য

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে সতর্কতার সাথে লক্ষ্য রাখা প্রয়োজন। কারণ পরবর্তী কয়েকদিনের মধ্যে ডেঙ্গু রোগ দ্রুত জটিল আকার ধারণ করতে পারে। এই রোগের জটিলতা সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে দেখা দেয়। কাজেই আপনার রোগীকে জ্বর সেরে যাওয়ার পরবর্তী দুই দিন খুব ভালভাবে লক্ষ্য রাখতে হবে।

ডেঙ্গু জ্বর হলে অবশ্যই যা করতে হবে

১. শরীরের তাপমাত্রা ৩৯ সেন্ট্রিগ্রেড বা ১০২ ডিগ্রি ফারেনহাইটের নিচে রাখতে হবে। এজন্য শুধু ট্যাবলেট বা সিরাপ প্যারাসিটামল খাওয়াতে হবে (দিনে চার বারের বেশি নয়)।

২. কোনো অবস্থাতেই প্যারাসিটামল ব্যতিত এসপিরিন বা ব্যথানাশক এবং জ্বরনাশক বড়ি বা সিরাপ খাওয়া যাবে না।

৩. রোগীকে স্বাভাবিক খাবারের সাথে প্রচুর পরিমাণে তরল খাবার, যেমন-পানি,সুপ,দুধ বা ফলের রস খাওয়াতে হবে।

৪. রোগীকে পূর্ণ বিশ্রাম রাখতে হবে।

৫. কোন সমস্যা দেখা দিলে অতিদ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। তা না হলে রোগীর মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।

আপডেটেড গাইডলাইনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক