০২ নভেম্বর, ২০২৬ ০৬:০৯ পিএম
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও লার্ভা ধ্বংসে জাপানের আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গাজীপুরের কাশিমপুর কারাগারে মশার লার্ভা নিয়ন্ত্রণে বিশেষ প্রশিক্ষণ এবং সরাসরি লার্ভিসাইড প্রয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের মাধ্যমে কারাগারের ভেতরে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণের পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব হবে।

আজ সোমবার (২ নভেম্বর) ডেঙ্গু প্রতিরোধ ফাউন্ডেশন বাংলাদেশ (ডিপিএফবি), বাংলাদেশের কাইজেন কানেক্টস লিমিটেড এবং জাপানের আর্থ করপোরেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কারা কর্মকর্তাদের এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ, লার্ভা নিয়ন্ত্রণ এবং লার্ভিসাইড ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় ডিপিএফবির মহাসচিব ডা. মাসুদ এবং জ্যেষ্ঠ কীটতত্ত্ববিদ শরিফুল ইসলাম এডিস মশার জীবনচক্র, প্রজননস্থল ও নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল তুলে ধরেন। তাঁরা জানান, বাড়ির আশপাশে কিংবা বিভিন্ন স্থানে জমে থাকা পানির পাত্রসহ সহজে চোখে পড়ে না এমন জায়গাও এডিস মশার প্রজননস্থল হতে পারে। এসব স্থান নিয়মিত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

কর্মশালায় কাশিমপুর কারাগারের জেল সুপার ও ডেপুটি জেলারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

প্রশিক্ষণ শেষে কারাগারের চিহ্নিত মশার প্রজননস্থলে জাপানের আর্থ করপোরেশনের সরবরাহ করা লার্ভিসাইড ট্যাবলেট প্রয়োগ করা হয়। এতে ব্যবহৃত হয়েছে পাইরিপ্রক্সিফেন নামের একটি উপাদান। এটি মশার বৃদ্ধি ও বিকাশে বাধা দিয়ে পূর্ণাঙ্গ মশায় রূপান্তর প্রতিরোধ করে।

লার্ভিসাইড প্রয়োগের সময় উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারক করেন কীটতত্ত্ববিদ শরিফুল ইসলাম। এ সময় ট্যাবলেটের সঠিক মাত্রা, প্রয়োগস্থল ও ব্যবহারের পদ্ধতি সম্পর্কে কারা কর্মকর্তাদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কারা বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) কামাল হোসেন এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, কারাগারের বন্দি ও কর্মকর্তা-কর্মচারীদের ডেঙ্গুর ঝুঁকি কমাতে এ ধরনের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।

আয়োজকেরা জানান, শুধু সচেতনতা তৈরি নয়, বরং প্রশিক্ষণের মাধ্যমে কারা কর্তৃপক্ষের নিজস্ব সক্ষমতা বাড়ানো এবং নিয়মিত মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে রাখাই এ কর্মসূচির লক্ষ্য।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক