শিক্ষার্থীদের নেতৃত্বে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ আন্দোলনের উদ্যোগ ডিপিএফবি’র
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নেতৃত্বে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ডেঙ্গু প্রিভেনশন ফাউন্ডেশন বাংলাদেশ (ডিপিএফবি)। এ লক্ষ্যে ‘ডেঙ্গু অ্যাম্বাসেডর ইনিশিয়েটিভ’ নামে একটি কর্মসূচি শুরু করেছে সংগঠনটি। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিবার এবং পরিবার থেকে সমাজে ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা ও কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
আজ রোববার (৮ নভেম্বর) রাজধানীর একাডেমিয়া স্কুলে কর্মসূচিটির প্রথম আয়োজন করা হয়। ‘এমপাওয়ারিং স্টুডেন্টস টু বিল্ড ডেঙ্গু-সেফ কমিউনিটিজ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য, শিক্ষার্থীদের শুধু ডেঙ্গু সম্পর্কে সচেতন করা নয় বরং এডিস মশার প্রজননস্থল শনাক্ত, নির্মূল ও নিয়মিত পর্যবেক্ষণে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ করে গড়ে তোলা।
কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়ি ও আশপাশের এলাকায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করবে। একই সঙ্গে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন ও উৎসাহিত করবে তারা।
এ জন্য শিক্ষার্থীদের এডিস মশার জীবনচক্র, ডেঙ্গু সংক্রমণ, মশার প্রজননস্থল চিহ্নিতকরণ এবং জমে থাকা পানি অপসারণের কার্যকর পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ার, ছাদসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং আড়ালে থাকা প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যেসব স্থানে পানি অপসারণ সম্ভব নয়, সেখানে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত লার্ভিসাইড নিরাপদ ও যথাযথভাবে ব্যবহারের নির্দেশনা দেওয়া হবে।
শুধু সচেতনতা সৃষ্টি নয়, কর্মসূচিটির কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে মূল্যায়নেরও পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা মশার প্রজননস্থলের মানচিত্র তৈরি, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত এবং নিয়মিত পর্যবেক্ষণের তথ্য সংরক্ষণ করবে। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হাউস ইনডেক্স, কনটেইনার ইনডেক্স ও ব্রেটো ইনডেক্সের মতো স্বীকৃত সূচক ব্যবহার করে মশার প্রজনন পরিস্থিতির পরিবর্তন মূল্যায়ন করা হবে।
পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী নজরদারি পদ্ধতি ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করা হবে। স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে মশা নিয়ন্ত্রণে নতুন ধারণা তৈরির সুযোগও রাখা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন নাগরিকের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিবর্তনের প্রতিনিধি হিসেবে গড়ে তুলতে চায় ডিপিএফবি।
সচেতনতা, প্রতিরোধ ও ব্যক্তিগত সুরক্ষা—এই তিনটি মূলনীতির ভিত্তিতে পরিচালিত হবে কর্মসূচিটি। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি মশার কামড় থেকে বাঁচতে ব্যক্তিগত সুরক্ষা, উপযুক্ত মশা প্রতিরোধক ব্যবহার এবং নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে।
ডিপিএফবির পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু অ্যাম্বাসেডর দল গঠন করা হবে। এসব কার্যক্রমে শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে স্কুলকেন্দ্রিক ধারাবাহিক সামাজিক নজরদারি ও প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে সংগঠনটির।
ডিপিএফবির সাধারণ সম্পাদক চিকিৎসক মাসুদ খান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মৌসুমি মশা নিধন কার্যক্রম যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল নির্মূল, নিয়মিত বৈজ্ঞানিক নজরদারি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া এ উদ্যোগ একসময় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধের কার্যকর সামাজিক আন্দোলনে রূপ নেবে।
মাসুদ খান আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ শুরু হোক স্কুল থেকে, ছড়িয়ে পড়ুক প্রতিটি পরিবার ও সমাজে।’ জনস্বাস্থ্য সুরক্ষায় সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধ বলেও উল্লেখ করেন তিনি।
এমআর/