জলবায়ু ও স্বাস্থ্য সুরক্ষায় ছয় উদ্যোগে বছরে বাঁচবে ১৬ লাখ প্রাণ: ডব্লিউএইচও
মেডিভয়েস রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ছয়টি কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বছরে ১৬ লাখ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। একই সঙ্গে প্রতিবছর ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ও আর্থিক সুফল পাওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব উদ্যোগ বিশ্বব্যাপী বাস্তবায়ন করা গেলে বছরে ৩ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক সুফল এবং অতিরিক্ত ৫ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের রাজস্ব সুবিধা পাওয়া যেতে পারে। পাশাপাশি ১৬ দশমিক ৭ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হবে।
‘গ্লোবাল বেনিফিটস অ্যান্ড কস্টস অব প্রায়োরিটাইজড অ্যাকশনস অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ’ শীর্ষক প্রতিবেদনে ছয়টি উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। এগুলো হলো—তাপপ্রবাহের আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ু সহনশীল নিরাপদ পানির ব্যবস্থা, মৌলিক স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্নতা ও হাত ধোয়ার সুবিধা, রান্না ও ঘর গরমের জন্য পরিচ্ছন্ন জ্বালানি এবং জীবাশ্ম জ্বালানির কার্যকর মূল্য নির্ধারণ।
ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, জলবায়ু সংকট মূলত স্বাস্থ্য সংকট। তবে এর ক্ষয়ক্ষতির বড় অংশ বিদ্যমান কার্যকর উদ্যোগের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। সরকারগুলো এসব উদ্যোগ বাস্তবায়ন করলে লাখো মানুষের প্রাণ বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক সুফলও পাওয়া যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ছয়টি উদ্যোগের মধ্যে পাঁচটিতে প্রতি এক ডলার বিনিয়োগে গড়ে ২৪ ডলারের সুফল পাওয়া সম্ভব। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এসব উদ্যোগের সুফল তুলনামূলক বেশি হবে।
এর মধ্যে তাপপ্রবাহের আগাম সতর্কীকরণ ব্যবস্থা সবচেয়ে লাভজনক উদ্যোগগুলোর একটি। এ খাতে প্রতি এক ডলার বিনিয়োগে ৮৩৫ ডলারের সুফল পাওয়া যেতে পারে।
অন্যদিকে, জীবাশ্ম জ্বালানির অকার্যকর ভর্তুকি প্রত্যাহার ও যথাযথ কর আরোপের মতো নীতিগত পদক্ষেপ সবচেয়ে বেশি সুফল বয়ে আনতে পারে। এতে বছরে ১২ লাখ মানুষের মৃত্যু প্রতিরোধের পাশাপাশি তিন ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক সুফল এবং ৫ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের রাজস্ব সুবিধা পাওয়া সম্ভব।
ডব্লিউএইচও জানিয়েছে, ২০২৬ সালে বিশ্বজুড়ে জলবায়ুজনিত চরম পরিস্থিতি নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এ অবস্থায় স্বাস্থ্য সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার, উন্নয়ন সহযোগী ও অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে এসব কার্যকর উদ্যোগে বিনিয়োগের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এইউ/
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
বিপিএইচসিডিএর উদ্বেগ প্রকাশ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ