১৭ জুন, ২০২২ ১১:০৯ এএম

চমেক হাসপাতালে ৮৮৭টি শয্যা বাড়িয়ে ২২‘শ শয্যায় উন্নীতকরণ

চমেক হাসপাতালে ৮৮৭টি শয্যা বাড়িয়ে ২২‘শ শয্যায় উন্নীতকরণ
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। 

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নতুন ৮৮৭টি শয্যা সংখ্যা বাড়িয়ে ২২‘শ শয্যায় উন্নীতকরণে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে, ২৫ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ২২‘শ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা চালুকরণে অনুমোদন দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ১৩১৩ শয্যা থেকে ২২০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা চালুকরণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। তবে শর্ত থাকে যে, এ সংক্রান্ত সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন অবশ্যই পালন করতে হবে।

আজ শুক্রবার (১৭ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠির বিষয়টি নিশ্চিত করে চবির চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার মেডিভয়েসকে বলেন, এই হাসপাতালে ১৩১৩টি শয্যা ছিলো, যা এখন ২২‘শ শয্যায় উন্নীত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন হাসপাতালটিতে জনবল ও অর্থবরাদ্দ বাড়বে এবং রোগীদের চিকিৎসা সেবার পরিসরও আরো বাড়বে। হাসপাতালটিতে আরও স্পেস বাড়ানো হবে। এতে করে রোগীর সংখ্যাও বাড়বে।

প্রসঙ্গত, ১৯৬০ সালে ৫‘শ শয্যা নিয়ে যাত্রা শুরু করা এই হাসপাতালটি সময়ের বিবর্তনে ১৩১৩ শয্যাবিশিষ্ট হাসপাতালে পরিণত হয়েছে। ২০০৭ সাল থেকে এম.আর.আই, সিটি স্ক্যানসহ ক্রমান্বয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারী কেয়ার ইউনিট (সি.সি.ইউ), নিউনেটালজি, আইসিইউ, এন্ডোস্কপি ইউনিট, রেডিওথেরাপি, কিডনি ডায়ালাইজিং ইউনিটসহ নতুন চিকিৎসা সুবিধাসমূহ যুক্ত হয়েছে। পাশাপাশি ঘরোয়া সহিংসতা, নির্যাতন ও নিপীড়ন মোকাবেলার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ও ২৫ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিট রয়েছে। ২০১২ সালে কার্ডিয়াক সার্জারি ইউনিট সংযুক্ত করা হয়। সম্প্রতি করোনা পরীক্ষার জন্য মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত হয়েছে ‘করোনা পরীক্ষণ ল্যাব’। সর্বশেষ ২০১২ সালের ৩০ আগস্ট চমেক হাসপাতালের শয্যা সংখ্যা এক হাজার ১০টি থেকে বেড়ে ১৩১৩টিতে উন্নীত হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত