০৮ জুলাই, ২০২৫ ০৯:২৭ পিএম

ফেসবুকে ঔদ্ধত্যপূর্ণ পোস্ট: চমেক ছাত্রাবাস থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী বহিষ্কার

ফেসবুকে ঔদ্ধত্যপূর্ণ পোস্ট: চমেক ছাত্রাবাস থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী বহিষ্কার
আসিফ হাসান নিয়ন, ৬৪তম ব্যাচ, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ৬৪তম ব্যাচের আসিফ হাসান নিয়নের ঔদ্ধত্যপূর্ণ ফেসবুক স্ট্যাটাস ঘিরে প্রধান ছাত্রাবাসে উত্তেজনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নিয়নকে হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুর পৌনে একটায় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন রাতে মেডিভয়েসকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়নের বিরুদ্ধে জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচির বিষয়ে ছাত্রলীগকে তথ্য সরবরাহ এবং হামলার পরিকল্পনায় সম্পৃক্ততার বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে অ্যাকাডেমিক শাস্তির উদ্যোগ নেওয়া হবে।

চমেক অধ্যক্ষ আরও বলেন, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সেলিমকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি অন্যান্য সদস্যরা হলেন সাইকিয়াট্রি বিভাগের ডা. পঞ্চানন আচার্য ও নেফ্রলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফয়েজুর রহমান। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানতে চাইলে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ডা. হাবীব হাসান মেডিভয়েসকে বলেন, দুই ঘণ্টাব্যাপী বৈঠকে শিক্ষার্থীদের ব্যঙ্গ করে দেওয়া ফেসবুক স্ট্যাটাসের সত্যতা পাওয়ায় নিয়নকে ছাত্রাবাস থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে একাডেমিক কাউন্সিল।

শিক্ষার্থীদের অভিযোগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগকর্মী নিয়ন জুলাই আন্দোলনের পর নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে তার একাডেমিক কার্যক্রমে পুনরায় অংশগ্রহণ করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথ অনুসরণে ক্যাম্পাসে ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করেন তিনি। এমন তৎপরতায় প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। 

এই প্রতিবাদের বিপরীতে নিয়ন ফেসবুক ব্যাঙ্গাত্মক পোস্ট দেন। এতে তিনি বলেন, 

‘তোদেরকে সাধারণ ক্ষমা করা হয়েছে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আইছে আমার হাইকোর্টের বিচারক। যেনো এদের কাছে মাফ চাইছে কেও। ক্যাম্পাসটা যেন এদের বাপের। ভাই পারলে আপনারা কয়জন প্রিন্সিপালের দায়িত্বটাই নিয়ে নেন। হলগ্রুপে এসব আজাইরা গলাবাজি না করে ... ’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত