চমেকে ১৫০০ শিক্ষার্থী নিয়ে 'আধূনিক’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: রমজান মাসের তাৎপর্য উপলব্ধি এবং মেডিকেল শিক্ষার্থীদের মাঝে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আধূনিকের (আমরা ধূমপান নিবারণ করি) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) কলেজে এই গ্র্যান্ড ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রায় ১৫০০ শিক্ষার্থী এবং শিক্ষানবিশ চিকিৎসক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে ছেলেদের জন্য কলেজের প্রধান ছাত্রাবাসে এবং ছাত্রীদের জন্য কান্তা হোস্টেলে পৃথকভাবে ইফতারের ব্যবস্থা করা হয়। ইফতারে ভিন্ন ধর্মাবলম্বীদের কথা বিবেচনা নিয়ে বিফের পাশাপাশি নন-বিফ আইটেমও রাখা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চমেকের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম কামরুল হক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর শাফিউদ্দীন মাদানী।
অনুষ্ঠানের অংশ হিসেবে সাংস্কৃতিক পর্ব পরিচালিত হয়। এতে নাশীদ পরিবেশন করেন কলেজের সাংস্কৃতিক সংগঠন "পরিশীলন " এর শিল্পীবৃন্দ। এরপর অন্যান্য অথিতিবৃন্দ রমজানের তাৎপর্য, কর্মময় মেডিকেল জীবনে কার্যকারী রমজান পালন এবং ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা, গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে প্রধান আলোচকের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী এবং শিক্ষানবিশ চিকিৎসকবৃন্দের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে এ আয়োজনে ক্যাম্পাসে এক ভ্রাতৃত্বপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছে।
এমআই/