২১ জানুয়ারী, ২০২১ ১১:৫০ এএম

ভারতের উপহারের করোনার টিকা এখন দেশে

ভারতের উপহারের করোনার টিকা এখন দেশে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ভারতের উপহার হিসেবে দেওয়া ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ভ্যাকসিনের প্রথম চালান। বিমানবন্দর প‌রিচালক গ্রুপ ক্যা‌প্টেন তৌ‌হিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ইতোমধ্যে বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে কয়েক‌টি ট্রাক ভেতরে প্রবেশ করেছে। ভ্যাকসিনগুলো বিমানবন্দর থেকে সরাসরি তেজগাঁওয়ে ইপিআইয়ের স্টোরেজে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সংরক্ষণ করা হবে।

স্বাস্থ্য অধিদফতরের সরকারি পরিচালক ডা. রওশন জাহান আক্তার আলো জানান, সর্বমোট ১৬৭ কার্টুন টিকা এসেছে। যেখানে ২০ লাখ চার হাজার ডোজ ভ্যাকসিন আছে। প্রতি বক্সে আছে ১২০০ ভায়াল ভ্যাকসিন। এক ভায়ালে ১০ জনকে টিকা দেওয়া যাবে।

উপহারের ২০ লাখ টিকা বুঝিয়ে দিলো ভারত

ভারত থেকে শুভেচ্ছা হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন (কোভিশিল্ড) বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী এক অনুষ্ঠানে টিকা হস্তান্তর করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিনা অর্থে উপহার হিসেবে টিকা দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বাণিজ্যিক চুক্তি অনুযায়ী এ মাসের শেষে ৫০ লাখ টিকা আসার কথা এবং সে অনুযায়ী টিকা আসবে। ফ্লাইট শিডিউল হাতে পেলে জানিয়ে দেবো কবে থেকে টিকা পাচ্ছি। এখনও ফ্লাইট শিডিউল পাইনি। এরপর প্রতিমাসে ৫০ লাখ করে টিকা আসার কথা রয়েছে। টিকা আসার একটি শিডিউল আছে। যদি এদিক সেদিক হয় তবে যখন আমরা জানবো তখন আপনাদের জানাবো।

ভ্যাকসিন দেওয়া কবে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা আজ টিকা গ্রহণ করেছি। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। পরিকল্পনা শতভাগ তৈরি হয়ে গেছে তা কিন্তু নয়।

টিকার ট্রায়াল রানের বিষয়ে তিনি বলেন, আগামী ছয়-সাত দিনের মধ্যে টিকার একটি ট্রায়াল রান করার চিন্তাভাবনা আছে। সেই তারিখটি আপনাদের জানিয়ে দেবো। তারিখ চূড়ান্ত হয়নি। চূড়ান্ত দিনের বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় আছি। কারণ, ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে টিকার ট্রায়ালে যুক্ত হতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

ভ্যাকসিন দেওয়া নিয়ে বা পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কোনও গুজব না ছড়ানোর জন্য তিনি আহ্বান জানান।

তিনি বলেন, ভ্যাকসিন মানুষের জীবন রক্ষাকারী ওষুধ। যারা মানুষের জীবন নিয়ে ষড়যন্ত্র, রাজনীতি করে তারা সঠিক লোক নয়। আমরা করোনা মোকাবিলায় আছি, জীবন রক্ষায় আছি। এই মোকাবিলায় ভ্যাকসিন একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। এজন্য কেউ যাতে জাতিকে বিভ্রান্ত না করে সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক