১২৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাচ্ছে ইতালি
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বাতিলের পর এবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দোহা থেকে যাওয়া ১২৫ বাংলাদেশিকে বিমান থেকে নামতে দেয়নি ইতালি। তাদের ওই বিমানেই ফেরত পাঠানো হচ্ছে।
আজ বুধবার (৮ জুলাই) ইতালির স্থানীয় গণমাধ্যম আনসার ও আইএল মেসেজারোর খবরে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে ফিউমিসিনো বিমানবন্দরে ওই বিমানটি অবতরণ করে। ওই বাংলাদেশি যাত্রীদের ইতালিতে প্রবেশ করতে দেয়া হয়নি। তাদের সেই সময়ই একটি ফ্লাইটে কাতার ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।
আইএল মেসেজারো বলেছে, কাতার এয়ারওয়েজের ফ্লাইটটিতে থাকা অন্যান্য দেশের ৮০ যাত্রীর নামার অনুমতি মিলেছে। বিমানবন্দরে তাদের করোনার নমুনা পরীক্ষা শেষে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফ্লাইটটি ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণের পর বিমান থেকে প্রত্যেকেই নামতে পারবেন না বলে পাইলট ঘোষণা দেয়ার পর সেখানে উত্তেজনা তৈরি হয়। এ ঘোষণার পর বাংলাদেশি যাত্রীরা তীব্র প্রতিবাদ শুরু করেন। একজন নারী অসুস্থ হয়ে পড়েন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গত সোমবার বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনাভাইরাস পজিটিভ এসেছে। এর পর বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য সব বিমান চলাচল বন্ধ করে দেয় ইতালি।
তবে ফ্লাইট বন্ধের এই সময়ে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন অঞ্চলের বাইরে থেকে যাওয়া সবার জন্য নতুন করে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কাজ করবে বলে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।
এদিকে বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বাতিল করলেও কাতার থেকে যাওয়া ফ্লাইট চালু রেখেছে ইতালি। সে হিসেবে দোহা থেকে যাওয়া ওই ফ্লাইটটির বাংলাদেশি যাত্রীদের ইতালি প্রবেশে কোনো বাধা থাকার কথা ছিল না।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪