২৪ জুন, ২০২০ ০৬:২৫ পিএম

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম করোনামুক্ত 

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম করোনামুক্ত 

মেডিভয়েস রিপোর্ট: আক্রান্ত হওয়ার ১৮ দিন পর প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। বুধবার (২৪ জুন) তিনি নিজেই করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিজের ফেসবুক অ্যাকাউন্টে সারওয়ার আলম লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ার বদৌলতে  কোভিড-১৯ থেকে মুক্তি পেলাম। কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি।’

একের পর এক আলোচিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন। ৬ জুন দিবাগত রাত ১২টায় সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান তিনি।

দেশে করোনা সংক্রমণের পর থেকে সারওয়ার আলম ধারাবাহিকভাবে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে পাশাপাশি নকল মাস্ক, গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছিলেন। এছাড়া রমজানে ভেজালবিরোধী অভিযান ছাড়াও অনেকগুলো আলোচিত অভিযান পরিচালনা করেছেন তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কারণে নিয়মিত আলোচনায় আসেন ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তবে র‍্যাবের আলোচিত অভিযানের পাশাপাশি একবার হাইকোর্টের তলবের কারণে আলোচনায় আসেন এ ম্যাজিস্ট্রেট।

তাঁর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কেড়ে নিতে দায়ের করা রিটে আবারও আলোচিত হন তিনি। ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে দেওয়া দণ্ডাদেশের চারমাস পার হলেও আদেশের প্রত্যয়িত অনুলিপি না পাওয়ার প্রেক্ষাপটে করা এক রিটে ১ ডিসেম্বর তাকে হাইকোর্টে তলব করা হয়।

২০১৯ সালে রাজধানীর ক্যাসিনোগুলোতে অভিযান চালিয়ে ব্যাপক আলোচনায় আসেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। গত বছরের ১৮ সেপ্টেম্বর ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদে অভিযান চালান তিনি। এ সময় ১৪২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। উদ্ধার করা হয় ক্যাসিনো থেকে উপার্জিত অবৈধ ২৪ লাখ ২৯ হাজার টাকা।

এছাড়া বছরের জুলাইয়ে সারাদেশে যখন ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়। তখন হাসপাতালগুলো ডেঙ্গু ও সিবিসি পরীক্ষায় মর্জিমতো ফি আদায় শুরু হয়। সংবেদনশীল এ বিষয়ে অভিযান শুরু করেন সারোয়ার। ৩১ জুলাই ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি নেয়া এবং টেস্ট না করে প্যাথলজিক্যল রিপোর্ট দেয়ায় পল্টন এবং ফকিরাপুল এলাকায় চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পাঁচজনকে জেল, ১৮ লাখ টাকা জরিমানা করে দুই প্রতিষ্ঠান সিলগালা করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক