২৮ অক্টোবর, ২০২৬ ০১:১৫ পিএম
বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা

স্ট্রোক ও স্নায়বিক রোগীদের স্বনির্ভর জীবন নিশ্চিত করতে সমন্বিত পুনর্বাসনসেবার তাগিদ

স্ট্রোক ও স্নায়বিক রোগীদের স্বনির্ভর জীবন নিশ্চিত করতে সমন্বিত পুনর্বাসনসেবার তাগিদ
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অনুষ্ঠিত নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালায় স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, ট্রমাটিক ব্রেন ইনজুরিসহ বিভিন্ন স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন জীবনে স্বনির্ভরতা ফিরিয়ে আনা এবং সামাজিক কর্মকাণ্ডে পুনরায় অংশগ্রহণের সুযোগ বাড়াতে সমন্বিত পুনর্বাসনসেবার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। 

এ লক্ষ্যে চিকিৎসক ও পুনর্বাসন বিশেষজ্ঞদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা জোরদার করতে ‘নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা ২০২৬’-এর আয়োজন করা হয়।

আজ বুধবার (২৮ অক্টোবর) বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে এবং জেনারাস কো. লিমিটেডের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় সহায়তা দেয় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল নিউরো রিহ্যাবিলিটেশন ক্ষেত্রে চিকিৎসাসেবার অভিজ্ঞতা বিনিময়, সেবার মানোন্নয়নের সুযোগ চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলা। এর মধ্য দিয়ে বাংলাদেশে আধুনিক, সমন্বিত ও রোগীকেন্দ্রিক পুনর্বাসনসেবা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. তসলিম উদ্দিন, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ড. ভ্যালেরি এ টেলর এবং জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মরিকাওয়া ইয়োকো।

কর্মশালায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সিআরপি, কন্টিনেন্টাল হাসপাতাল, আইচি হেলথকেয়ার গ্রুপ এবং জেনারাস কো. লিমিটেডের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে উদ্বোধনী অধিবেশন, গণমাধ্যমের সাথে মতবিনিময় এবং বিভিন্ন কর্মশালাভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে নিউরো রিহ্যাবিলিটেশনের বিদ্যমান অভিজ্ঞতা, চিকিৎসাসেবার উন্নয়ন এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

স্ট্রোক বা গুরুতর স্নায়বিক আঘাতের পর অনেক রোগীর চলাফেরা, দৈনন্দিন কাজ সম্পাদন এবং স্বাভাবিক সামাজিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহায়তার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে নিউরো রিহ্যাবিলিটেশন রোগীর অবশিষ্ট কার্যক্ষমতা কাজে লাগানো, স্বনির্ভরতা বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চিকিৎসার পাশাপাশি রোগীর ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন স্বাস্থ্য পেশাজীবীর সমন্বিত অংশগ্রহণ এ সেবার গুরুত্বপূর্ণ দিক।

আয়োজকদের প্রত্যাশা এ কর্মশালা সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানোর পাশাপাশি পুনর্বাসনসেবায় সমন্বিত উদ্যোগকে আরও কার্যকর করবে। এর মাধ্যমে বাংলাদেশে স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য আধুনিক ও রোগীকেন্দ্রিক পুনর্বাসনসেবা সম্প্রসারণের পথ সুগম হতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ। কর্মশালা সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্যসচিব সহযোগী অধ্যাপক ডা. মো. নাদিম কামাল। ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত