রামেকহা ইন্টার্ন চিকিৎসক পরিষদ নির্বাচনে তিন পদে জয়ী ‘ঐক্যের অঙ্গীকার প্যানেল’
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) ইন্টার্ন চিকিৎসক পরিষদ নির্বাচনে পাঁচটি পদের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যের অঙ্গীকার প্যানেল। সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে প্যানেলটির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত আবরার-মুশফিক-ফিরোজ প্যানেলের প্রার্থী ডা. মুশফিকুর রহমান সিফাত। আর নারী বিষয়ক সমন্বয়ক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিয়া আক্তার রিশা।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হয়। মোট ২৫৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২২৫ জন। ভোটার উপস্থিতির হার ছিল প্রায় ৮৯ শতাংশ।
সভাপতি পদে ঐক্যের অঙ্গীকার প্যানেলের ডা. শাহাদাত মাহমুদ তপু ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে ডা. জামিল আক্তার ১১৫ ভোট এবং কোষাধ্যক্ষ পদে ডা. রাকিবুল ইসলাম ১২২ ভোট পেয়ে জয়ী হন।
সাধারণ সম্পাদক পদে ডা. মুশফিক ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ঐক্যের অঙ্গীকার প্যানেলের ডা. আতাউর রহমান পেয়েছেন ৮৭ ভোট।
নারী বিষয়ক সমন্বয়ক পদে তিন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রিশা ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী বৃষ্টি ও ঐশি দুজনই পেয়েছেন ৪৯ ভোট করে।
‘অধিকার আদায়ে, চিকিৎসকের সুরক্ষায়—আমাদের যাত্রা অপ্রতিরোধ্য’ স্লোগান নিয়ে নির্বাচনে অংশ নেয় ঐক্যের অঙ্গীকার প্যানেল। চিকিৎসকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে কাজ করার পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের স্বার্থে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল প্যানেলটি।
নির্বাচনের আগে নারী বিষয়ক সমন্বয়ক পদে কোনো প্রার্থী না দেওয়ার ঘোষণা দেয় ঐক্যের অঙ্গীকার।
প্যানেলটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন সিআর হিসেবে দায়িত্ব পালন এবং ব্যাচের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে রিশার প্রতি সম্মান জানিয়ে পদটি ফাঁকা রাখা হয়েছিল। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই পদে জয় পান রিশা।
এর আগে দুই সেশনে ইন্টার্ন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন ৬০তম ব্যাচের আব্দুল্লাহ ও ৬১তম ব্যাচের ডা. তানভীর আহমেদ তৌকির।
দীর্ঘ সময় পর অনুষ্ঠিত আনুষ্ঠানিক এই নির্বাচনকে ঘিরে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে আগ্রহ দেখা যায়। নতুন নেতৃত্বের মাধ্যমে রামেকহা ইন্টার্ন চিকিৎসক পরিষদের কার্যক্রম আবার নতুন করে শুরু হলো।
এইউ/এমইউ