চোখে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, সংশ্লিষ্ট ব্যক্তি অপ্টোমেট্রিস্ট নয় বলে দাবি ওসিবির
মেডিভয়েস রিপোর্ট: নোয়াখালীর দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে চোখে ইনজেকশনে শিশুর মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে অপ্টোমেট্রি কনফেডারেশন অব বাংলাদেশ (ওসিবি)। এ ঘটনায় নিহত শিশুর পরিবারটির প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি, ইনজেকশন প্রয়োগ করা ব্যক্তির অপ্টোমেট্রিস্ট সংক্রান্ত পেশাগত পরিচয় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বিষয়ে স্পষ্টীকরণ বার্তা দিয়েছে ওসিবি।
গত ৭ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেয় অপ্টোমেট্রি কনফেডারেশন অব বাংলাদেশ।
এতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে আবুল হোসেনের পেশাগত পরিচয় ‘সিনিয়র অপ্টোমেট্রিস্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওসিবির দৃষ্টিগোচর হয়েছে যে, সংশ্লিষ্ট ব্যক্তি আবুল হোসেন গণমাধ্যমের সামনে দেওয়া নিজ বক্তব্যে এই পরিচয় প্রদান করেছেন এবং সেই বক্তব্যের ভিত্তিতেই সংবাদে তার পেশাগত পরিচয় উপস্থাপন করা হয়েছে।’
‘এ বিষয়ে ওসিবির তথ্য-নথি ও অনুসন্ধান অনুযায়ী, আবুল হোসেনের স্বীকৃত কোনো অপ্টোমেট্রি ডিগ্রির তথ্য পাওয়া যায়নি। ওসিবির অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাকে অপ্টোমেট্রিস্ট হিসেবে স্বীকৃত করার মতো কোনো প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতার তথ্যও পাওয়া যায়নি’—বলা হয় বিজ্ঞপ্তিতে।
ওসিবি জানায়, ‘ওয়ার্ল্ড কাউন্সিল অব অপ্টোমেট্রির (ডব্লিউসিও) পেশাগত শিক্ষাগত মানদণ্ড অনুযায়ী, বিএসসি ইন অপ্টোমেট্রি/বিএস, বিঅপ্টম, ওডি অথবা সমমানের স্বীকৃত ডিগ্রি একজন অপ্টোমেট্রিস্টের পেশাগত শিক্ষাগত যোগ্যতার গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই কোনো ব্যক্তির পেশাগত পরিচয় প্রকাশের ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত নথি যথাযথভাবে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
‘সংশ্লিষ্ট সম্মানিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি ওসিবির বিনীত অনুরোধ, ভবিষ্যতে কোনো ব্যক্তির পেশাগত পরিচয় সংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে সম্ভব হলে সংশ্লিষ্ট ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত নথি যাচাই করে তথ্য উপস্থাপন করা হোক। এ বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রতি ওসিবি পূর্ণ শ্রদ্ধাশীল’—বলা হয় বিবৃতিতে।
তারা জানান, অপ্টোমেট্রি একটি স্বতন্ত্র স্বাস্থ্য-পেশা হওয়ায় এ পেশার পরিচয়, পেশাগত মান ও মর্যাদা যথাযথভাবে উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত দায়িত্ববোধ ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়েই ওসিবি এই স্পষ্টীকরণ বার্তা প্রদান করছে।
ওসিবি নেতৃবৃন্দ বলেন, ‘নিহত শিশু আব্দুল মুসলিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ এই পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য, শক্তি ও সান্ত্বনা দান করুন।’
এমইউ/