রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর নামের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি
মেডিভয়েস রিপোর্ট: সরকারি দাপ্তরিক কাজে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সরকারি যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে এসব সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ সংক্রান্ত পরিপত্রে স্বাক্ষর করেছেন উপসচিব তানিয়া আফরোজ।
পরিপত্রে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সাথে দাপ্তরিক যোগাযোগ এবং তাদের কাছে নথিপত্র বা সারসংক্ষেপ উপস্থাপনের সময় পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দফতরগুলোকে দাফতরিক যোগাযোগ ও নথি প্রেরণের ক্ষেত্রে নতুন এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
পরিপত্রে বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে সিদ্ধান্তটি অনতিবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এমআর/এমইউ