০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪৪ পিএম

বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা কাজে লাগাতে চায় ফিলিপাইন: রাষ্ট্রদূত

বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা কাজে লাগাতে চায় ফিলিপাইন: রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতাকে কাজে লাগিয়ে নিজেদের ওষুধের চাহিদা পূরণে আগ্রহ প্রকাশ করেছে ফিলিপাইন। দেশটির মোট ওষুধের প্রায় ৬৭ শতাংশ পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করতে হয় উল্লেখ করে বাংলাদেশের ওষুধশিল্প থেকে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

বৈঠকে বাংলাদেশ ও ফিলিপাইনের স্বাস্থ্য খাতের উন্নয়ন, নার্সিং শিক্ষার মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং ওষুধশিল্পে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ফিলিপাইনের রাষ্ট্রদূত বলেন, দেশটির ওষুধের বড় একটি অংশ পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করতে হয়। এ অবস্থায় বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতাকে কাজে লাগিয়ে ফিলিপাইনের ওষুধের চাহিদা পূরণে সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে নার্সিং শিক্ষার মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়েও আলোচনা হয়। দুই দেশের মধ্যে নার্সিং শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সমাজের সব স্তরের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, হাসপাতালগুলোতে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে দেশের চিকিৎসাসেবার মান উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে সরকার নিরলসভাবে কাজ করছে।

এ ছাড়া বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এবং জনসম্পর্ক আরও জোরদার করতে ঢাকা-ম্যানিলা সরাসরি বিমান যোগাযোগ চালুর ওপর গুরুত্বারোপ করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে দুই দেশের স্বাস্থ্য খাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক