হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪৪
মেডিভয়েস রিপোর্ট: দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকায় এবং একজন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৮ জনে। একই সময়ে সরাসরি হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ২২ শিশু। আর পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১১৫ শিশুর শরীরে। সব মিলিয়ে গত এক দিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৩৭ শিশু।
গত সাড়ে চার মাসে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৩০ হাজার ৮৩ শিশু। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৯৫ শিশুর। অর্থাৎ এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৬ হাজার ৩৭৮ জনে।
এদিকে গত সাড়ে চার মাসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে এক লাখ ৮ হাজার ২৮৩ শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৮৬ শিশু।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এনএইচ/