অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানোর কাজ চলছে: শুভেন্দু
মেডিভয়েস রিপোর্ট: ভারতে প্রবেশকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানোর কাজ চলছে। তারা পশ্চিমবঙ্গ কিংবা ভারতের কোথাও অবস্থান করতে পারবে না।
আজ শনিবার (১ আগস্ট) পশ্চিমবঙ্গে ১৬তম ডিজিটাল জনগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শুভেন্দু অধিকারী বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রকৃত ভারতীয় নাগরিকদের কোনো ধরনের আতঙ্কিত হওয়ার কারণ নেই। অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানোর কাজ চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশসহ ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টানদের অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে না বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বলেন, নির্দিষ্ট আইনি কাঠামোর আওতায় এসব মানুষকে শরণার্থী হিসেবে বিবেচনা করা হয়।
নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএর প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশসহ প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নিপীড়ন কিংবা জীবন রক্ষার তাগিদে ভারতে আসা নির্দিষ্ট কয়েকটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে আইনের আওতায় সুরক্ষা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভারতের কেন্দ্রীয় সরকারের ১ সেপ্টেম্বর ২০২৫ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০১৪ সালের মধ্যে ধর্মীয় কারণে বা প্রাণ বাঁচানোর জন্য ভারতে আসা এসব শরণার্থীর বিরুদ্ধে মামলা করা যাবে না। তাদের পুলিশি হয়রানির শিকার হওয়ারও কথা নয়।
অন্যদিকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে শুভেন্দু বলেন, তারা পশ্চিমবঙ্গ কিংবা ভারতের কোথাও অবস্থান করতে পারবে না। নির্ধারিত আইনি প্রক্রিয়ায় তাদের শনাক্ত করে ফেরত পাঠানোর উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় জনগণনা কার্যক্রম নিয়েও কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে ১৬তম জনগণনা। এবারই প্রথম পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। পাশাপাশি নাগরিকদের জন্য চালু করা হয়েছে ‘সেলফ এনুমারেশন’ বা স্বগণনার সুবিধা।
জনগণনার প্রথম ধাপে এক থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে সরকারি পোর্টালের মাধ্যমে নিজেদের পরিবারের তথ্য জমা দেওয়ার সুযোগ থাকছে। পরবর্তী ধাপে জনগণনায় নিয়োজিত কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে জমা দেওয়া তথ্য যাচাই করবেন।
বক্তব্যে অতীতের একটি ঘটনার কথাও উল্লেখ করেন শুভেন্দু। তিনি বলেন, আগের সরকারের সময়ে বীরভূমে একটি ভুলের কারণে একজন ভারতীয় নাগরিক সমস্যায় পড়েছিলেন। পরে তাকে ফিরিয়ে আনা হয়। ভবিষ্যতে জনগণনা বা নাগরিক শনাক্তকরণের প্রক্রিয়ায় কোনো প্রকৃত ভারতীয় নাগরিক যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে তার সরকার সতর্ক থাকবে বলেও জানান তিনি।
এনএইচ/