২৪ জুলাই, ২০২৬ ১২:৩৩ পিএম

সোহরাওয়ার্দী মেডিকেলে ছাত্রদলের আয়োজনে শহীদ ওয়াসিম স্মৃতি ফুটসাল ফেস্ট

সোহরাওয়ার্দী মেডিকেলে ছাত্রদলের আয়োজনে শহীদ ওয়াসিম স্মৃতি ফুটসাল ফেস্ট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: উৎসবমুখর পরিবেশে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে 'শহীদ ওয়াসিম স্মৃতি ফুটসাল ফেস্ট ২০২৬'। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এ টুর্নামেন্টে নবীন শিক্ষার্থীদের নিয়ে মোট আটটি দল অংশ নেয়।

সোমবার (২০ জুলাই) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে ওঠে কলেজের বিডিএস ১৪তম ব্যাচের 'ডেন্ট এক্স ১৪' এবং বিডিএস ১৫তম ব্যাচের 'দ্য ফ্লস কিকার্স ১৫'।

ফাইনালে ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে 'দ্য ফ্লস কিকার্স ১৫' কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে 'ডেন্ট এক্স ১৪'। রানার্সআপ হয় 'দ্য ফ্লস কিকার্স ১৫'।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকার চেক ও ট্রফি এবং রানার্সআপ দলকে পাঁচ হাজার টাকার চেক ও ট্রফি প্রদান করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী ও সেরা পারফর্ম করা খেলোয়াড়দের বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে ক্যাম্পাসে সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের নেতারা বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী দিনেও ছাত্রছাত্রীবান্ধব ও সৃজনশীল বিভিন্ন আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ বজায় রাখতে তারা কাজ করে যাবেন।

এনএইচ/এমআর/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত