স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে রদবদল
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আলাদা তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক, পরিকল্পনা ও গবেষণা শাখার পরিচালক এবং উপ-পরিচালক (অর্থ) পদে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) ও বৃহস্পতিবার (২৩ জুলাই) এসব পদে রদবদলের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) ডা. মো. নুরুল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বর্তমান পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (নিকডু) নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনেওয়াজ দেওয়ানকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা শাখার পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বর্তমান পরিচালক ডা. আফরিনা মাহমুদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এ ছাড়া আরেক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমকে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) (চলতি দায়িত্ব) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ডা. শেখ ইফতেখার রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
এমআর/এমইউ