২০ জুলাই, ২০২৬ ০১:৫৬ পিএম

সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, বিভাগে প্রাণহানির সংখ্যা ১০৩

সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, বিভাগে প্রাণহানির সংখ্যা ১০৩
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (সিওমেক) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামসদৃশ উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে।

আজ সোমবার (২০ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। মারা যাওয়া তিন শিশু হলো তাসফিয়া, আব্দুল্লাহ ও তানভীর। তাদের সবার বয়সই দেড় বছরের নিচে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৬৫ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৫ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া বিভাগের অন্যান্য হাসপাতালেও কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের এক জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় মোট ৫৪৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

এদিকে চলতি বছরে মারা যাওয়া ১০৩ শিশুর মধ্যে মাত্র চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছিল। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ভাষ্য, তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জন্ডিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল।

চিকিৎসকদের মতে, শিশুদের অপুষ্টি ও দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা মৃত্যুঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের শিশুদের সময়মতো হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে।

এনএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত