উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়মিত শরীরচর্চায় জোর বিশেষজ্ঞদের
মেডিভয়েস রিপোর্ট: ‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতককে জয় করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে (সিআইএমসিএইচ) পালিত হয়েছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়মিত শরীরচর্চা করতে এবং ধূমপান, মদ্যপান ও স্থূলতার মতো বদঅভ্যাস ত্যাগ করতে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
সোমবার (১৮ মে) সকাল ৮টায় কলেজ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড হাইপারটেনশন সচেতনতা সপ্তাহ উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সিআইএমসিএইচের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এ টি এম রেজাউল করিম। সেমিনার শেষে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ ও গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুসলিনা আখতার, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুল ইসলাম এবং কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. এনামুল হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আখতারুল ইসলাম চৌধুরী এবং মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরফানা ইয়াছমিন।
সেমিনারে ডা. আরফানা ইয়াছমিন বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। এটি কোনো উপসর্গ ছাড়াই হৃদযন্ত্র, কিডনি, মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত হানে। তিনি ‘মাস্কড হাইপারটেনশন’ এর ধারণা তুলে ধরেন, যেখানে হাসপাতালে রক্তচাপ স্বাভাবিক থাকলেও বাড়ি বা কর্মক্ষেত্রে তা উচ্চ থাকে।
প্রধান অতিথি ডা. এ.টি.এম রেজাউল করিম বলেন, মানুষ ডায়াবেটিসকে যেভাবে ভয় পায়, হাইপারটেনশনকে সেভাবে পায় না। অথচ বর্তমানে হাইপারটেনশন ডায়াবেটিসের চেয়ে বেশি হচ্ছে। তিনি মাস্কড হাইপারটেনশনের চিকিৎসা বাধ্যতামূলক এবং হোয়াইট কোট হাইপারটেনশনকে ফলোআপে রাখার প্রয়োজনীয়তার কথা বলেন। লবণ খাওয়া কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন বলেন, প্রাথমিক পর্যায়ে উচ্চ রক্তচাপ শনাক্ত করে চিকিৎসা শুরু করা জরুরি। নিয়মিত শরীরচর্চা এবং ধূমপান, মদ্যপান ও স্থুলতার মতো বদ অভ্যাস ত্যাগ করতে হবে। সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করেছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের অধ্যক্ষ মিসেস ইলা দাশ এবং ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথের সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন।
এদিকে ‘ওয়ার্ল্ড হাইপারটেনশন সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে সিআইএমসিএইচে শুরু হয়েছে বিশেষ সেবা সপ্তাহ। উচ্চ রক্তচাপ ও হৃদরোগীদের জন্য ডাক্তারের কনসালটেশন ফি ও ল্যাব টেস্টে ৫০ শতাংশ ছাড় এবং বিনামূল্যে রক্তচাপ পরিমাপের সুযোগ রাখা হয়েছে।
জেএইচ/