হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: গত আট বছর দেশে হামের কোনো টিকা দেওয়া হয়নি অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘হামের প্রাদুর্ভাব মোকাবিলায় নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।’
আজ রোববার (২৯ মার্চ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথাবলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মিজেলস (হাম) রোগীর সংখ্যা অনেক বেড়েছে। আট বছর আগে শেষবার মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এরপর থেকে সরকার কোনো ভ্যাকসিন প্রদান করেনি। ’
তিনি জানান, ‘আমরা এর মধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি। পারচেজ কমিটি অনুমোদন দিয়েছে। ভ্যাকসিন আমরা যথাসময়ে সংগ্রহ করব এবং কর্মসূচি শুরু করব। পূর্বে টিকা কর্মসূচির কারণে দেশে হামের প্রকোপ কমে এসেছিল। কিন্তু এ বছর তা নতুন করে বেড়েছে।’
তিনি আরও জানান, চলতি বছরের ৪ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হামের রোগী শনাক্ত হয়। ১০ জানুয়ারি ক্যাম্প এলাকায় সতর্কতা জারি করা হয়। ওই সময় রাজধানীর বস্তি এলাকায় হামের রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জায়গা না পেয়ে একাধিক শিশুর মৃত্যুর ঘটনায় সরকার পাঁচটি ভেন্টিলেটর দান পেয়েছে। মন্ত্রী বলেন, ‘আজ আমরা সেগুলো সংগ্রহ করব। আগামীকাল (সোমবার) সকালে আমাদের সচিব রাজশাহী যাচ্ছেন, উনি চারটি ভেন্টিলেটর সঙ্গে নিয়ে সেখানে দেবেন।’
মন্ত্রী আরও জানান, ওষুধ প্রস্তুতকারকরা কিছুদিনের মধ্যে আরও ১২টির বেশি ভেন্টিলেটর সরকারকে সরবরাহ করবে। এই ভেন্টিলেটরগুলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়কে হামের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে।
টিআই/