ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদীর ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মেডিকেল ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এতে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘শরীফ ওসমান হাদীর ওপর চালানো হামলাটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে হাদীর অবস্থান তরুণ সমাজের মধ্যে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে। এ ধরনের হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘দেশের রাজনৈতিক পরিসরে সহিংসতার পুনরাবৃত্তি বন্ধে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে প্রস্তুত।’
বিক্ষোভ কর্মসূচির পূর্বে, বাদ মাগরিব নুরুন্নবী ও পিংকু হোস্টেল মসজিদে আহত শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশায়করে যাওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী শরীফ ওসমান হাদীর ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা কাছ থেকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর দেশজুড়ে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল এবং তরুণ ছাত্রসমাজ।
টিআই/