ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে ঢাকা ডেন্টাল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদীর ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় ঢাকা ডেন্টাল কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এতে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিক্ষোভ কর্মসূচি পূর্বে বাদ এশা ঢাকা ডেন্টাল কলেজ মসজিদে আহত শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশায়করে যাওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী শরীফ ওসমান হাদীর ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা কাছ থেকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর দেশজুড়ে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল এবং তরুণ ছাত্রসমাজ।
টিআই/