৩১ অক্টোবর, ২০২৫ ০৪:৫২ পিএম

মেডিকেলে প্রথম বর্ষে অধ্যয়নরতদের প্রতি সকল প্রফে প্রথম ডা. উমাইর আফিফের পরামর্শ

মেডিকেলে প্রথম বর্ষে অধ্যয়নরতদের প্রতি সকল প্রফে প্রথম ডা. উমাইর আফিফের পরামর্শ
উমাইর আফিফ। ছবি: সংগৃহীত

প্রায়ই দেখা-সাক্ষাতে কিংবা অনলাইনে অনেকেই নানা একাডেমিক বিষয় নিয়ে প্রশ্ন করেন। কিন্তু উত্তর দিতে গিয়ে সবকিছু একসাথে গুছিয়ে বলা হয়ে ওঠে না। কিছু না কিছু বাদ পড়েই যায়। তাই এই লেখায় করবো মূল বিষয়গুলো তুলে ধরার।

একটা সময় ছিল মেডিকেল কলেজগুলোতে শান্তিপূর্ণভাবে পড়াশোনার করার চেয়ে, বরং ভয়ে ভয়ে থাকাটাই যেন স্বাভাবিক হয়ে গিয়েছিল। এনাটমি ফিজিওলজি কে কীভাবে পড়ছে, তার চেয়ে আলোচনার মূল বিষয়বস্তু ছিল কীভাবে এই মিছিল, ওই মিছিল বা কোনো সিনিয়রের র‍্যাগিং থেকে বেঁচে যায়। সেটা কমবেশি সব মেডিকেল কলেজের ক্ষেত্রেই প্রযোজ্য।

আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই ভয়াবহ সময় থেকে মুক্তি দান করেছেন। আর তাই শুকরিয়ার পাশাপাশি সময়ের সদ্ব্যবহার খুবই জরুরি।

দাগানো গাইড অনুসরণ ক্ষতির কারণ হয়

মেডিকেল কলেজে হোস্টেলে বড় ভাই-বোন কর্তৃক গাইড দাগায়ে দেওয়া ছিল কমন প্র্যাক্টিস। আমার এক বন্ধু প্রায়ই আফসোস করে বলতো, এই একটা বদ অভ্যাসের কারণেই পরবর্তীতে তার বেশ ক্ষতি হয়ে গিয়েছিল। আমি প্রায়ই জুনিয়রদের বলি, আপাতদৃষ্টিতে গাইড দাগিয়ে দিয়ে চিল করে আইটেম-কার্ড-প্রফ পাস করা সুবিধাজনক দেখালেও বস্তুত এর পেছনে নিয়তটা ছিল খারাপ। কারণ ছাত্ররা যদি পড়াশোনায় ব্যস্ত থাকে, তাহলে তাদের জোরপূর্বক মিছিল-মিটিংয়ে নিয়ে যাওয়া হয়ে পড়ে অনেকটাই কঠিন।

পড়াশোনার ক্ষেত্রে গাইড বই একেবারেই ক্ষতিকর, এটা আমি বলছি না। বরং অনেকেই যারা বাংলা মিডিয়াম থেকে এসেছে, তাদের লিখিত পরীক্ষার সুবিধার্থে এবং ভাইভার ক্রস কোয়েশ্চন জানতে এটি সহায়ক হতে পারে। কিন্তু দীর্ঘদিন এই গাইডনির্ভর পড়া আমাদের মূল বই এবং লেকচার থেকে দূরে সরিয়ে দেয়। তখন কম পড়াটাই হয়ে যায় আমাদের কাছে নর্মালাইজড।

আমরা ভুলতে শুরু করি, আমাদের পড়াশোনার সাথে কতো মানুষের সরাসরি জীবন জড়িত। মূল্য হারিয়ে ফেলে অমূল্য সব বইগুলো। ব্যাসিক কনসেপ্ট ক্লিয়ার রাখার চাইতে মুখস্ত করে কোনোমতে আইটেম ক্লিয়ার করাই হয়ে পড়ে আমাদের নিয়ত।

ক. এনাটমির ক্ষেত্রে পড়ার পাশাপাশি ভিজুয়ালাইজেশন খুবই জরুরি। এক্ষেত্রে— 

১. সোর্স হতে পারে বিখ্যাত netter’s atlas বইটি। 

২. তবে আমি টিউটোরিয়াল ক্লাসগুলোর পাশাপাশি সবসময় অনলাইন ভিডিও/লেকচার প্রেফার করে এসেছি। এই ক্ষেত্রে callosum bd, viren kariya স্যার এর হার্ড পার্ট এবং mitesh dave স্যারের ভিসেরার ভিডিওগুলোই ফলো করতাম বেশি। এ ছাড়া আছে chandona madam এর লেকচার। 

৩. kenhub videos একটু লম্বা হলেও একবার দেখা গেলে অসম্ভব ভালো সোর্স। 

৪. তবে আমাদের এনাটমি শেখার ধরন সম্পূর্ণ অন্যদিকে মোড় নেয়, যখন আমরা এক স্যারের মাধ্যমে Acland’s Dissection Videos এর খোঁজ পাই। নেট বা টেলিগ্রামে সার্চ দিলেই সহজেই পাওয়া যাবে এই ভিডিওগুলো। ছোট ছোট এই ভিডিওগুলো একবার দেখলে পুরো বইয়ের বিষয়বস্তু পরে মিলিয়ে পড়া অনেক সহজ হয়ে যায়।
যদি তালিকা করি, আমার মতে Acland হলো সবচেয়ে ভালো সোর্স। কম সময়ে সবচেয়ে কার্যকরভাবে এনাটমি শেখার জন্য।

খ. বরবরই আমাদের মেডিকেলের টেক্সটবইগুলোর প্রতি এক ধরনের ফোবিয়া কাজ করে। বই শুনলে বিশাল সাইজের গাইটন বা গ্রে’স এনাটমির ছবিই আমাদের দৃষ্টিপটে ভেসে উঠে। আর এ কারণেই সহজ বইগুলো আমরা অনেক সময় মিস করি। এমনই একটি বই হলো Langman’s Embryology । মলিকিউলার অংশ বাদ দিলে বইটি আসলেই খুব সহজ।

আশির্বাদ হয়েছে এআই

আর বর্তমান এআইয়ের যুগে আমরাও অনেক ভাগ্যবান। যেকোন বইয়ের কোন একটা অংশ না বুঝলে সেটা সাথে সাথেই এআই দিয়ে শুধু “Help Me Understand” নয়, বরং তাকে দিয়ে usmle standard question তৈরি করায়েও আমরা সেই টপিক খুবই সহজে আত্মস্থ করতে পারি। এ ছাড়া রয়েছে নাজিব স্যারের কিছু লেকচার। যা এম্ব্রায়োলজির শুরু দিকের ফাউন্ডেশন খুবই মজবুত করবে ইনশা আল্লহ।

গ. Histology এর ক্ষেত্রেও একই। junqueira অনেক ভালো একটা বই। আর প্রফ বা টার্মের সময় কোনো স্লাইড কি আকৃতির এসব মুখস্থ না করে আমরা যদি নিজ নিজ ব্যাচ টিচারদের রিকোয়েস্ট করে এক্সট্রা সময় নিয়ে স্লাইড আইডেন্টিফিকেশন শিখি, পরবর্তীতে সেটি আমাদের অনেক প্যারা থেকে মুক্ত দিবে।

ঘ. ফিজিওলজির ক্ষেত্রে আমি সবসময় সবাইকে একটা কথাই বলে আসছি। গাইটন পড়েন, গ্যানং পড়েন বা গাইড পড়েন। আগে কনসেপ্টটা ক্লিয়ার করেন। তারপর যা খুশি পড়েন। নিজ নিজ কলেজের লেকচার সে ক্ষেত্রে সহায়ক হতে পারে। তবে সাধারণভাবে যদি বলি, নাজিব স্যারের লেকচারগুলো আপনার ফিজিওলজি ও সামগ্রিক মেডিকেল পড়াশোনার ধারণাই বদলে দেবে। ফিজিওলজির সব ভিডিও যদি 2x/1.5x স্পিডে একবার দেখা যায়, তাহলে তা এই পাঁচ বছরের হেকটিক মেডিকেল জার্নিতে বড় সহায়ক হবে।

‘So here is a cell …’ বলে একদম শুরু থেকে পড়ানো এই উস্তাদ সত্যিই ফিজিওলজির বস। এখন টেলিগ্রামে লেকচারগুলোর নোটও পাওয়া যায়, তাই শুনে শুনে নোট নেওয়ার ঝামেলাও আর নেই। ফিজিওলজির জন্য নাজিব স্যারের ক্লাসগুলো করে আমি এখনো নানাভাবে উপকৃত হচ্ছি, আলহামদুলিল্লাহ। ইনশা আল্লহ, আপনরাও হবেন।

ঙ. বায়োকেমিস্ট্রির ক্ষেত্রেও আমি নাজিব স্যারের ভিডিও দেখতাম, যেগুলোর টপিক পেতাম। তবে অধ্যাপক মোজাম্মেল স্যারের ABC of Biochemistry বইটি সত্যিই অসাধারণ। এর পাশাপাশি Lippincott দেখা যেতে পারে। ইউটিউবে অসংখ্য ভিডিও লেকচারও পাওয়া যায়।

ব্যাচমেটদের প্রতিও খেয়াল রাখাও জরুরি

পড়াশোনার পাশাপাশি আমাদের নিজ নিজ ব্যাচমেটদের প্রতিও খেয়াল রাখা খুবই জরুরি। আপনি যখন দেখবেন, আপনারই এক বন্ধু শুধুমাত্র সহযোগিতার অভাবে বা মনোবল হারিয়ে পিছিয়ে পড়েছে, অথচ আপনার সাহায্যের সুযোগ থাকা সত্ত্বেও আপনি করেননি, তখন সেটি সত্যিই বেদনাদায়ক।

তাই একসাথে গ্রুপ স্টাডি করা, একে অপরকে ডেমো দেওয়া, সাহস জোগানো—এই বিষয়গুলো আমাদের মেডিকেল জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে ফেলা উচিত। আমি কৃতজ্ঞ আমার বন্ধুদের প্রতি, যারা সবসময় আমাকে সব বিষয়ে সহযোগিতা করে এসেছে।

পড়ার সঙ্গে গবেষণায় মনোযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ

একাডেমিক পড়াশোনার বাইরেও প্রথম বর্ষ থেকেই গবেষণার কাজে মনোযোগ দেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা বিশ্ব যখন এভিডেন্স-বেইজড পলিসি ও প্র্যাকটিস এর ধারণা অন্তর্ভুক্ত করেছে, আমরা এখনও পড়ে আছি ‘আমার মনে হয়’, ‘আর তাই এটা ভালোর’ বৃত্তে। তাই স্বাধীনতার এত বছর পরেও পলিসি থেকে শুরু করে প্রায় সবক্ষেত্রেই আমরা এখনো প্রাগৈতিহাসিক অবস্থায় রয়ে গেছি।

সর্বশেষে আমাদের মনে রাখতে হবে, ভালো শিক্ষার্থী হওয়া আর ভালো ফলাফল করা এই দুই বিষয় সবসময় এক নয়।

হতাশার বিষয় হলো, বর্তমানে সাবজেক্টিভ বেইজড মূল্যায়ণের কারণে ভালো ফলাফলের জন্য সুন্দর খাতা, ভাইভায় ভালো প্রেজেন্টেশন থেকে শুরু করে কার্ড, টার্ম, আইটেমে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স ইত্যাদি হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ।

আমাদের মনে রাখতে হবে, একজন শিক্ষার্থী ভালো হয়েও তার রেজাল্ট আশানুরূপ নাও আসতে পারে। আবার ভালো রেজাল্ট করেও একজন প্রকৃত অর্থে ভালো শিক্ষার্থী নাও হতে পারে। কিন্তু দিনশেষে আমাদের পরিশ্রম আল্লাহ দেখছেন।

কার কীরূপ প্রতিদান, কার কীরূপ সফলতা হবে, তা আপনার-আমার পরিশ্রমই নির্ধারণ করবে। আর উত্তর দিবে সময়ই। চেষ্টা চালিয়ে যান। একজন ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার জন্য।
সবার জন্য শুভকামনা ও দোয়া।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত