টানা তিন প্রফে প্রথম উমাইর আফিফ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর তৃতীয় পেশাগত পরীক্ষায় প্রথম হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী উমাইর আফিফ। আজ রোববার (৩১ মার্চ) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এর আগে প্রথম ও দ্বিতীয় পেশাগত পরীক্ষায়ও প্রথম স্থান অর্জন করেন ২০১৯-২০ সেশনের এ শিক্ষার্থী।
টানা তিন পেশাগত পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় মেডিকেলের মেধাবী মুখ উমাইর আফিফকে মেডিভয়েসের অভিনন্দন।
এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৫৪টি মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাবির অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশ করা হলো। ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। কোনো অসঙ্গতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।’
প্রথম পেশাগত পরীক্ষায় সাফল্যের পর মেডিভয়েস স্টুডিওতে ‘মেডিকেলের মেধাবী মুখ’ অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন উমাইর আফিফ। অনুষ্ঠানে তিনি জানান, মায়ের ইচ্ছা পূরণের লক্ষ্যে ভবিষ্যতে কার্ডিওলজি ও নিউরো মেডিসিনে বিশেষজ্ঞ হতে চান তিনি। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় এখনো আসেনি বলে মনে করেন আফিফ।
এএনএম/