ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেলে আগুন, ক্ষয়-ক্ষতি ছাড়া নিয়ন্ত্রণে
মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ষষ্ঠতলায় আগুন লেগেছে। আজ রোববার (৩১ মার্চ) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে হাসপাতাল।
আগুনের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের উপর থেকে আতঙ্কিত রোগী ও স্বজনরা দ্রুত নিচে নেমে আসেন। এ সময় অতিরিক্ত সিড়ি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা।
সূত্রে জানা গেছে, ১০ ও ৬তলা বিশিষ্ট পাশাপাশি দুটি ভবনের ৬তলার ছাদে ও সিডি কোঠায় আগুন লাগে। সেখানে পুরাতন ডেড (ফোমের তৈরি), বেডশিটসহ অপ্রয়োজনীয় জিনিসপত্র পড়ে ছিল। ১০তলা ভবন থেকে কেউ সিগারেট বা দাহ্য বস্তু ফেলার কারণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুন আঁচ করতে পেরে হাসপাতালের ব্যবস্থাপনায় তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জানমালের কোনো ক্ষতি না হলেও পুরো হাসপাতালে থাকা কয়েকশ’ রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।