মেডিকেলে কত আসন কমবে সিদ্ধান্ত আগামী সপ্তাহে: স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক
মেডিভয়েস রিপোর্ট: দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরির লক্ষ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিতে মেডিকেল কলেজে আসন সংখ্যা কমানোর কথা ভাবছে সরকার। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভায় বিভিন্ন অংশীজনের মতামত এসেছে। তবে তা এক হাজার, নাকি ছয়শ’—এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের সভায় এটি নির্ধারিত হতে পারে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন সোমবার (২০ অক্টোবর) রাতে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সরকারি-বেসরকারি মেডিকেলে আসন বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।’
‘মন্ত্রণালয়ের মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং মেডিকেল শিক্ষার মান বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা নেয়ার জন্য সভায় মতামত এসেছে। প্রতিটি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের বিদ্যমান সুযোগ-সুবিধা বিবেচনা ও বিশ্লেষণ করে যতজন শিক্ষার্থীর মানসম্মত মেডিকেল শিক্ষা নিশ্চিত করা যাবে, তার অধিক শিক্ষার্থী নেওয়া উচিত হবে না—এ মর্মে সিদ্ধান্ত হয়েছে। সেই সংখ্যাটি কত, তা আগামী সপ্তাহের মন্ত্রণালয়ের সভায় নির্ধারিত হতে পারে’—যোগ করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ছয় হাজার ২৯৩টি।
দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি ও বেসরকারির বাইরে একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।
এর আগে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে আসন ছিল চার হাজার ৩৫০টি। কিন্তু শিক্ষার্থীদের বিনা পয়সায় ডাক্তারি শিক্ষার সুযোগ করে দেওয়ার কথা বলে মেডিকেলে আসন বাড়ানোর সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার।
এ প্রসঙ্গে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা গত তিন বছরে প্রায় ১২শ’ সিট বাড়িয়েছি সরকারি মেডিকেল কলেজগুলোতে। সরকারি মেডিকেল কলেজে আরও সিট বাড়াব, যাতে আমাদের ছেলে-মেয়েরা বিনা পয়সায় ডাক্তারি শিক্ষা লাভ করতে পারে।’
সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালে অক্টোবর মাসে ১০৩০ আসন বাড়ায় তারা।
বর্ধিত আসনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি শুরু হয়। প্রতিটি সরকারি মেডিকেল কলেজে আসন বাড়ে ২০-৬০টি পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬০টি। এ ছাড়া মানিকগঞ্জের কর্নেল মালেক ৫০টি ও শেখ হাসিনা মেডিকেল কলেজে ৬০টি করে, শহীদ মনসুর আলী মেডিকেলে ৩৫টি, সাতক্ষীরা মেডিকেলে ৩৫টি ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ৩৫টি আসন বাড়ানো হয়।
তবে বেসিক বিষয়ের শিক্ষক ও অবকাঠামোসহ মেডিকেল শিক্ষায় বিদ্যমান সংকট ক্রমাগতভাব বাড়তে থাকা এবং ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের (ডব্লিউএফএমই) স্বীকৃতি না পাওয়া খাত সংশ্লিষ্ট গভীর ভাবনায় ফেলে। এ পরিস্থিতিতে এসব সমস্যার সমাধানে তৎপর হয় অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আসন কমানোর বিষয়টি গুরুত্বের কেন্দ্রে আসে।
নম্বর বণ্টনেও পরিবর্তন
এদিকে এবারের ভর্তি পরীক্ষায় নম্বর বণ্টনেও কিছুটা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা সংক্রান্ত কমিটি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানান, ‘আমাদের পরীক্ষা সংক্রান্ত কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নম্বর বণ্টনে কিছুটা পরিবর্তন আনা হবে। আগের বছরগুলোতে বিষয়ভিত্তিক নম্বর বণ্টনে বায়োলজিতে ৩০, কেমিস্ট্রিতে ২৫, ফিজিক্সে ২০, ইংরেজিতে ১৫, সাধারণ জ্ঞানে ১০ নম্বর থাকতো এবং আগে সাধারণ জ্ঞানে ব্যক্তি বা রাজনৈতিক বিষয়ে প্রশ্ন থাকলেও গত বছর থেকে এই ধারা পরিবর্তন করা হয়েছে। এখন বাংলাদেশ ও স্বাস্থ্যসংশ্লিষ্ট সাধারণ জ্ঞান প্রশ্ন দেওয়া হচ্ছে।’
এ বছর অধিদপ্তরের সিদ্ধান্ত হয়েছে, সাধারণ জ্ঞান, মানবিক গুণাবলি, ব্যক্তিত্বমূলক দিক ও বিশ্লেষণী ক্ষমতা—এই চারটি মিলে ১৫ নম্বর থাকবে। তবে ফিজিক্সে নম্বর ২০ থেকে কমিয়ে ১৫ করা হবে। অর্থাৎ এ বছরের নতুন নম্বর বণ্টন হবে বায়োলজিতে ৩০, কেমিস্ট্রিতে ২৫, ফিজিক্সতে ১৫, ইংরেজিতে ১৫ এবংসাধারণ জ্ঞান, মানবিক মূল্যবোধ ও বিশ্লেষণী দক্ষতায় ১৫ নম্বর থাকবে।
এমইউ/